নিউজ ডেস্ক: ঢাকা-চেন্নাই রুটে ফ্লাইট বৃদ্ধি করছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা। আগামী ১৯ এপ্রিল থেকে এ রুটে সপ্তাহে এগারোটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে সংস্থাটি। বর্তমানে এ রুটে সপ্তাহে ইউএস-বাংলার সাতটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোহাম্মদ কামরুল ইসলাম।
তিনি জানান, স্বাধীনতার পর ইউএস-বাংলা এয়ারলাইন্স-ই ভারতের চেন্নাই রুটে পরিচালনা করা প্রথম বাংলাদেশী এয়ারলাইন্স। বর্তমানে প্রতিদিন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে। বাংলাদেশ থেকে প্রতিনিয়ত উন্নত চিকিৎসা সেবা নেয়ার জন্য রোগীরা চেন্নাই এর বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন। ফলে যাত্রী চাহিদা বেড়ে যাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই রুটে আগামী ১৯ এপ্রিল ২০২৪ থেকে সপ্তাহে এগারোটি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। বর্তমানে সপ্তাহে ঢাকা-চেন্নাই রুটে সাতটি ফ্লাইট পরিচালিত হচ্ছে।
অতিরিক্ত ফ্লাইটগুলো আগামী ১৯ এপ্রিল থেকে সপ্তাহে মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবার ঢাকা থেকে দুপুর ১টা ৫ মিনিটে চেন্নাই এর উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং স্থানীয় সময় দুপুর ৩টা ১৫ মিনিটে চেন্নাই পৌঁছুবে। এছাড়া চেন্নাই থেকে অতিরিক্ত ফ্লাইটগুলো একই দিনে বিকাল ৪টা ১৫মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুবে। এছাড়া বর্তমানে পরিচালিত সপ্তাহে প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এবং চেন্নাই থেকে স্থানীয় সময় দুপুর ২ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে।
ঢাকা-চেন্নাই রুটের নূন্যতম ওয়ান ওয়ের ভাড়া ১৫,৪৬৭ টাকা ও রিটার্ণ ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৬,৫৩০ টাকা।
ভারতের চেন্নাই ছাড়াও ইউএস-বাংলা এয়ারলাইন্স কলকাতা, দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর. সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু ও মালদ্বীপের রাজধানী মালেতে ফ্লাইট পরিচালনা করছে।
আগামী ১৯ এপ্রিল থেকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীতে প্রতিদিন ফ্লাইট শুরু করতে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে সব রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
বর্তমানে ইউএস-বাংলার বহরে একটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০সহ মোট ২৩টি এয়ারক্রাফট রয়েছে। খুব শীঘ্রই ইউএস-বাংলার বহরে আরও একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যুক্ত করতে যাচ্ছে। এছাড়া স্বল্পতম সময়ের মধ্যে ঢাকা-দিল্লী ও ঢাকা-জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা।
ইউএস-বাংলা/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply