ভুটানকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শিরোপা ধরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়েই বাংলাদেশ নারী ফুটবল দল এবার সাফে খেলতে নেমেছে। পাকিস্তানের বিপক্ষে ড্রয়ের পর টানা দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে সাবিনা খাতুনের বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ সেমিফাইনালে ভুটানকে রীতিমতো বিধ্বস্ত করেছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে জয়ের পরই যেন আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাংলাদেশ নারী ফুটবল দল। সেমিতে আজ বাংলাদেশ ৭-১ গোলে হারিয়েছে ভুটানকে। ৭ গোলের ৫টিই প্রথমার্ধে দিয়েছে বাংলাদেশ।

৭ মিনিটেই ঋতুপর্ণা চাকমার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। সাগরিকার পাস থেকে প্রথমে বল রিসিভ করেন তহুরা খাতুন। তহুরার থেকে বল এরপর নিয়ে ঋতুপর্ণা জায়গা বানিয়ে বক্সের কোনা থকে বাঁ পায়ের দারুণ শটে পাঠান জালে। ১১ মিনিটেই বাংলাদেশ ২-০ করতে পারত। তবে ঋতুপর্ণার ক্রস থেকে সাগরিকার হেড ভুটানের এক ডিফেন্ডার গোল বাঁচিয়ে দেন।

ভুটান অবশ্য বেশিক্ষণ নিজের জাল অক্ষত রাখতে পারেনি। ১৪ মিনিটে শিউলির থেকে বল রিসিভ করেন তহুরা। বাঁ পায়ের দারুণ শটে ব্যবধান ২-০ করেন তহুরা। ২৫ মিনিটে সাবিনার শট লাগে ভুটানের সাইড পোস্টে। তবে পরক্ষণেই মনিকার গোলমুখে ফেলা বল সহজেই লক্ষ্যভেদ করেন সাবিনা। টুর্নামেন্টে এবারই প্রথম গোল পেলেন সাবিনা।

৩৪ মিনিটে আবারও ঝলক দেখান তহুরা। বাঁ পায়ের চোখধাঁধানো বাঁকানো শটে ৪-০ ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে নেন এই ফরোয়ার্ড। পঞ্চম গোল বাংলাদেশ পেয়েছে ৩৬ মিনিটে। ভুটানের গোলরক্ষক সংগীতা মঙ্গেরেকে কাটিয়ে ফাঁকা পোস্টে লক্ষ্যভেদ করেন সাবিনা। এটা বাংলাদেশ অধিনায়কের টুর্নামেন্টে দ্বিতীয় গোল।

একের পর এক গোল হজম করতে থাকা ভুটান চেষ্টা করছিল। তবে বাংলাদেশের রক্ষণে গোলের পরিস্থিতি তৈরি করেও সফল হয়নি ভুটান। ৪০ মিনিটে ভুটানের স্ট্রাইকার দেকি হাজম গোল করে ব্যবধান কমিয়েছেন।

গতকাল অসুস্থ থাকায় অনুশীলন করতে পারেননি সাবিনা। ভুটানের বিপক্ষে খেলা নিয়েই তার অনিশ্চয়তা ছিল। তবে একাদশে সুযোগ পেয়ে বাংলাদেশ অধিনায়ক জ্বলে উঠেছেন।

ফুটবল/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *