কমলাপুর রেলস্টেশনের মনিটরে পর্ণোগ্রাফি

নিউজ ডেস্ক: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ৬৪ দিনের ব্যবধানে ঘটেছে দুইটি অস্বাভাবিক ঘটনা। তবে এবারের ঘটনা ছিল বেশ বিব্রতকর। স্টেশনের অনুসন্ধান কাউন্টারের ওপরের ডিজিটাল মনিটরে হঠাৎ ভেসে ওঠে পর্ণোগ্রাফি। এতে বিব্রত হন সেই সময় স্টেশনে থাকা মানুষেরা। পর্ণোগ্রাফি বন্ধে তারা বেছে নেন সহজ পথ। ভেঙে ফেলেন মনিটর।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে (২৮ ডিসেম্বর) রেলের সময়সূচি দেখানোর একটি মনিটরে হঠাৎ করেই চলতে শুরু করে রগরগে দৃশ্যের পর্ণোগ্রাফি। স্ক্রিন বন্ধ করতে না পেরে উপস্থিত জনতা ইট ছুড়ে ভেঙে ফেলেন মনিটর। ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্টেশন মাস্টার শাহাদাত হোসেন।

স্টেশন মাস্টার শাহাদাত হোসেন জানান, রাত আনুমানিক ২টার দিকে ওই মনিটরে হঠাৎ পর্ণোগ্রাফি চালু হয়। স্টেশনে উপস্থিত লোকজন স্ক্রিন বন্ধ করতে না পেরে ইট মেরে ভেঙে ফেলেন মনিটর।

এমন কাণ্ড কী করে হলো তা এখনও জানা যায়নি বলে জানালেন স্টেশন মাস্টার। তিনি ধারণ করছেন, এটি রেল-সংশ্লিষ্ট কারও ডিভাইস থেকেও হতে পারে অথবা হ্যাকিংও হতে পারে। রোববার পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে, যোগ করেন তিনি।

তিনি জানান, পুলিশের সাথে একজন আইটি বিশেষজ্ঞ ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি স্মার্টফোন বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে মনিটরটি নিয়ন্ত্রণ করে এমন ভিডিও চালানো হয়েছে।

উল্লেখ্য, মনিটরকাণ্ড কমলাপুরে এর আগেও ঘটেছিল। গত ২৬ অক্টোবর স্টেশন থেকে বের হওয়ার পথের ওপরে থাকা ডিজিটাল মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা দেখা গিয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের ১১ সপ্তাহ পর এমন লেখায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে দেশজুড়ে।

পর্ণোগ্রাফি/এটি/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *