দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪০ জন মারা গেছেন। এ নিয়ে দেশে এই পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৫০ জন। ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্তেও আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এক দিনে শনাক্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে।
এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২৪ ও ৩০ মে তারিখে। ওই দুইদিন ২৮ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান। আজ গতকালের চেয়ে ১২ জন বেশি মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১১ হাজার ৮৭৬টি নমুনা পরীক্ষায় ২ হাজার ৫৪৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এটিও এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড। বর্তমানে দেশে এ ভাইরাসে শনাক্ত ৪৭ হাজার ১৫৩ জন রোগী রয়েছেন।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৮১ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ৪০৬ জন।
গতকালের চেয়ে আজ ৭৮১ জন বেশি আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৭৬৪ জন। আজ আক্রান্তের হার ২১ দশমিক ৪৩ শতাংশ। আগের দিন এ হার ছিল ১৭ দশমিক ৬৬ শতাংশ। নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে সর্বাধিক ১২ হাজার ২২৯টি। গত ২৪ ঘন্টায় দেশে ৫২টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১১ হাজার ৮৭৬টি। আগের দিন ৫০টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছিল ৯ হাজার ৯৮৭টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৮৮৯টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯৩০টি।
















Leave a Reply