দেশে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন ১ হাজার ৩০৫ জন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮ জন। এ পর্যন্ত করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৮৯ জন।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন লাইভ ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এ সব তথ্য জানান।

তিনি জানান, করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ হাজার ২৭ জন। গতকাল পর্যন্ত সুস্থ ছিলেন ১৮ হাজার ৭৩০ জন।

অতিরিক্ত মহাপরিচালক জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ২৮ জন পুরুষ ও ১৫ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের ১ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

এদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ২ জন, সিলেট বিভাগে ১ জন, ময়মনসিংহে ২ জন এবং রংপুর বিভাগে ১ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৭ জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন ১৫ জন। আর হাসপাতালে মৃত অবস্থায় এসেছেন ১ জন।

নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১৭ হাজার ৫২৭ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গতকালের চেয়ে আজ ১৪৬ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিল ৩ হাজার ৮৬২ জন।

অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘন্টায় দেশের ৬১টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে সর্বাধিক ১৭ হাজার ৫২৭টি। এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫১ হাজার ২৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে।

নাসিমা সুলতানা জানান, দেশের বিমানবন্দর, নৌ, সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে গত ২৪ ঘন্টায় ৯৯০ জনসহ সর্বমোট বাংলাদেশে আগত ৭ লাখ ২০ হাজার ৮৯৬ জনকে স্কিনিং করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *