২৩ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতারের দোহায় গিয়েছে বাংলাদেশের ফুটবল দল। ৪ ডিসেম্বর কাতরের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা।
করোনা সুরক্ষায় কোয়ারেন্টাইন, অনুশীলন ও দুটি প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে ১৯ দিন আগেই কাতারে গেছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার কাতার পৌঁছেছেন জামাল ভূঁইয়ারা। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে রোববার আউটডোরে অনুশীলন করছেন তারা।
জানা গেছে, স্থানীয় আর্মি ফুটবল দল ও লুসাইল স্পোর্টস ক্লাবের সাথে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ক্লাব দুইটি লাল-সবুজের দলের সামনে শক্ত প্রতিপক্ষ নয়। দুইটি দলই কাতারের দ্বিতীয় বিভাগের। অর্থাৎ জাতীয় দলের তুলনায় অনেক দুর্বল দুটি দলের বিপক্ষে মাঠে নামবে জামাল এন্ড কোং।
দুর্বল দলের বিপক্ষে প্রস্তুতি নেয়ার বিষয়টি স্বীকার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর কারণ হিসেবে তারা জানিয়েছে, কাতারে এখন তাদের শীর্ষ স্টারস লিগ চলছে। তাই শক্তিশালী প্রতিপক্ষ পাওয়া যায়নি।
এদিকে, কাতার ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচ দুটির সূচি প্রকাশ করেছে। সূচি অনুযায়ী ২৫ নভেম্বর আর্মি ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় দোহার আজিজিয়া ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে।
এর তিন দিন পর ২৮ নভেম্বর লুসাইল স্পোর্টস ক্লাবের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই গ্রাউন্ডের এক নম্বর মাঠে এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
ম্যাচ দুইটি সামনে রেখে দ্বিতীয় দফার করোনা পরীক্ষা করানো হয়েছে বাংলাদেশি খেলোয়াড়দের। সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম পর্বে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় লেগের ম্যাচটি দোহায় অনুষ্ঠিত হবে। এই খেলার মধ্য দিয়ে পরবর্তী সময়ে এশিয়ায় ফিরছে বিশ্বকাপ বাছাই ম্যাচ।
খেলা/এসকেএম/আরএম
















Leave a Reply