ট্রাম্পের করোনাবিষয়ক উপদেষ্টার পদত্যাগ

০১ ডিসেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে থেকে একের পর এক কর্মকর্তা দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। এবার পদত্যাগ করলেন ট্রাম্প প্রশাসনের করোনা ভাইরাসবিষয়ক উপদেষ্টা স্কট অ্যাটলাস। তিনি ট্রাম্পের খুবই আস্তাভাজন ছিলেন।

ফক্স নিউজ স্কট অ্যাটলাসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। ওই পদত্যাগপত্রে ডিসেম্বরের ১ তারিখ দেয়া রয়েছে।

পদত্যাগপত্রে অ্যাটলাস লিখেছেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিশেষ উপদেষ্টার পদ থেকে আমি সরে দাঁড়াচ্ছি। তাকে এই সম্মানে ভূষিত করায় তিনি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। একই সথে তিনি নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি শুভ কামনা জানিয়েছেন।

অ্যাটলাস বলেন, আমি নির্দিষ্ট একটি বিষয়কে কেন্দ্র করে কঠোর পরিশ্রম করেছি। মানুষের জীবন বাঁচাতে এবং এই মহামারিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে আমি কাজ করে গেছি। তিনি আরও বলেন, সবসময়ই তিনি বিজ্ঞানের সবশেষ তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে রাজনৈতিক প্ররোচনা বা প্রভাব ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

বিদায়ী প্রেসিডেন্টের সাথে বেশি সময় ধরে কাজ করায় অ্যাটলাসকে নিয়ে বিতর্ক হচ্ছিল। সাম্প্রতি দেশজুড়ে করোনার প্রকোপ বাড়তে থাকার কারণে মার্কিন গণমাধ্যমে তার বিরুদ্ধে কঠোর সমালোচনাও হয়েছে।

যুক্তরাষ্ট্র/ এসকেএম