আন্তর্জাতিক ডেস্ক (যুক্তরাষ্ট্র): শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। ইতিহাস সৃষ্টি করে ডোনাল্ড ট্রাম্প চার বছর পর ফিরে এলেন হোয়াইট হাউসে। নির্বাহী ক্ষমতার সীমা বাড়ানো, লাখ লাখ অভিবাসীকে বহিষ্কার, রাজনৈতিক শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া এবং বিশ্বমঞ্চে আমেরিকার ভূমিকা পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২০ জানুয়ারি সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) শপথ নেন তিনি। গেল বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরলেন তিনি। খবর: ফক্স নিউজ, বিবিসি।
প্রায় আড়াইশ’ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে ইতিহাস সৃষ্টি করে ৭৮ বছর বয়সী ট্রাম্প মাত্র দ্বিতীয় ব্যক্তি যিনি প্রথম মেয়াদের পর পরাজিত হয়ে চার বছর পর আবার জয়ী হয়ে ক্ষমতায় ফিরে এসেছেন। এর আগে ১৮৯০-এর দশকে গ্রোভার ক্লিভল্যান্ড চার বছর পর দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেছিলেন।
শপথ অনুষ্ঠানে যোগদানের আগে হোয়াইট হাউসে চা পান ও বৈঠক করেন বাইডেন ও ট্রাম্প। এরপর তিনি বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি লিমোজিনে চড়ে হোয়াইট হাউস থেকে ক্যাপিটল হিলে পৌঁছেন।
এরপর জাতির উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখার কারণ আছে। শিগগিরিই পরিবর্তন আসবে।’ তিনি জানান, সোমবারই মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা করা হবে।
আরও পড়ুন: হোয়াইট হাউসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প
শপথের পর ট্রাম্প ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউসে যান জমকালো প্যারেডের মাধ্যমে। ট্রাম্পের সম্মানে ক্যাপিটল রোটুন্ডায় কুচকাওয়াজও আয়োজন করা হয়।
আরও পড়ুন: ট্রাম্পের অভিষেক তহবিলে ১০ লাখ ডলার দিলো মেটা
ট্রাম্পের এই শপথ অনুষ্ঠানে দেশটির সাবেক প্রেসিডেন্টদের পাশাপাশি প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের উপস্থিতি ছিল বড় চমক। ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ এবং টিকটকের প্রধান নির্বাহী শৌ চিউসহ আরও অনেকে এই অনুষ্ঠানে ভিআইপি আসনে ছিলেন। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামাও উপস্থিত ছিলেন।
ট্রাম্প/এএমএম/আরএম
















Leave a Reply