১২ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা দক্ষিণ সিটির সাবেক ও বর্তমান মেয়রের মধ্যকার রশি টানাটানির অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। সাবেক মেয়র ছাঈদ খোকনের বিরুদ্ধে হওয়া দুই মামলা প্রত্যাহারের আহ্বান জানালেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। তার এই আহ্বান ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নগর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। ঘুড়ি উৎসব উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উল্লেখ্য, আদি ঢাকার শতবর্ষের ঐতিহ্য এই ঘুড়ি উৎসব, যা স্থানীয়ভাবে শাকরাইন নামে পরিচিত। প্রতিবছর ১৪ জানুয়ারি সাড়ম্বরে এই উৎসব উদযাপিত হয়।
সোমবার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে মানহানির দুইটি আবেদন করা হয়। দুই মামলারই বিবাদী সাবেক মেয়র ছাঈদ খোকন। একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান। অন্য মামলার বাদী সুপ্রিমকোর্টের আইনজীবী সারোয়ার আলম। দুই মামলাতেই বলা হয়, শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে সাবেক মেয়র ছাঈদ খোকন উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বক্তব্য দিয়েছেন।
এদিকে, দুই মামলার আবেদনের বিষয়ে আদেশের জন্য ১৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করেছে আদালত। আজ এই তারিখ নির্ধারণ করা হয় এবং আজই মেয়র তাপস মামলা প্রত্যাহারের এই আহ্বান জানালেন।
শনিবার দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত একটি মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক মেয়র ছাঈদ খোকন। সেখানে তিনি বর্তমান মেয়র তাপসের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের কিছু অভিযোগ তোলেন।
পরদিন (রোববার) অন্য এক কর্মসূচিতে অংশ নেয়ার পর বর্তমান মেয়র তাপস প্রতিক্রিয়া জানান। বলেন, এটি ছাঈদ খোকনের ব্যক্তিগত অভিমত। গতকাল (সোমবার) ছাঈদ খোকনের বিরুদ্ধে মামলা হওয়ার কথা জানান ব্যারিস্টার ফজলে নূর তাপস।
দুই মেয়র/কিউটি/রমু















