ফাইনালে অ্যাথলেটিক বিলবাও

১৫ জানুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): স্প্যানিশ সুপার কাপের ফাইনাল বার্সা-রিয়াল দ্বৈরথ উপভোগের সম্ভাবনার আলো নিভিয়ে দিল অ্যাথলেটিক বিলবাও। পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে দলটি। 

দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদকে ২-১ হারিয়েছেন মার্সিলিনো গার্সিয়া তোরালের শিষ্যরা। 

এর আগে কর্দোবায় বুধবার প্রথম সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে স্প্যানিশ কাপের ফাইনাল নিশ্চিত করে বার্সেলোনা। 

সেই হিসাবে আগামী রোববার টুর্নামেন্টের ফাইনালে লিওনেল মেসির বার্সার মুখোমুখি হচ্ছে অ্যাথলেটিক বিলবাও।

বৃহস্পতিবারের ম্যাচে নিজেদের ভুলে প্রথমার্ধে ২ গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। 

এদিন ম্যাচের খলনায়কে পরিণত হয়েছেন লুকাস ভাসকেস। ম্যাচের ১৮ মিনিটে ডি-বক্সের ভেতর সবাইকে হতবাক করে দিয়ে বিলবাওয়ের দানি গার্সিয়ার পায়ে বল তুলে দেন ভালকেস। সে বল রাউল গার্সিয়াকে বাড়িয়ে দেন দানি। আর তা কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার রাউল।

৩৮তম মিনিটে ফের ডি বক্সের ভেতর ভুল করেন ভাসকেস। এবার তিনি গোল বাঁচাতে ইনিগো মার্তিনেসকে টেনে ফেলে দেন। যা ফাউল হিসেবে গণ্য হয়। রেফারির বাঁশির পর সফল স্পট কিকে ব্যবধান ২-০ করেন রাউল গার্সিয়া।

এই ২ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দুদল।

দ্বিতীয়ার্ধে নেমে সমতায় ফেরার চেষ্টায় গোছানো ফুটবল খেলে রিয়াল। কিন্তু তার আগেই রক্ষণভাগে প্রাচীর গেড়ে তোলে বিলবাও। প্রায় ২৮ মিনিট চেষ্টার পর একটি গোল শোধ করতে পারেন জিদানের শিষ্যরা।

৭৩ মিনিটে সতীর্থের বাড়ানো বল গোলমুখে পেয়ে আলতো ছোঁয়ায় বিলবাওয়ের জালে জড়ান ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা।  

সেই গোল শোধের পর শানিত আক্রমণ চালিয়ে যেতে থাকে রিয়াল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি আর কেউ। যোগ করা সময়ে সার্জিও রামোস পেনাল্টির আবেদন করেছিলেন, যা কানে তুলেননি রেফারি। হেড করতে গিয়ে রামোস নিজে নিজেই পড়ে গিয়েছিলেন বলে জানান রেফারি। এ নিয়ে অনেকটা সময় মাঠে উত্তেজনা বিরাজ করে। 

শেষ পর্যন্ত পেনাল্টি না পেয়ে ২-১ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। 

ফুটবল/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *