ডিএনসিসি’র উচ্ছেদ অভিযান

২২ জানুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) রাজধানীর মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত রেখেছে।

বৃহস্পতিবার শুরু হওয়া অভিযান শুক্রবারও অব্যাহত ছিল। দ্বিতীয় দিনেও মিরপুর সেকশন-১১ এর অ্যাভিনিউ-৩ এর ৪ নম্বর সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সকাল দশটায় এই অভিযান শুরু হয়।

ডিএনসিসি’র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ২) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম সফিউল আজম ও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন। এ সময় মেয়র আতিকুল ইসলাম উপস্থিত থেকে দিক-নির্দেশনা দেন।

বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এই উচ্ছেদ অভিযানে প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

দুপুরে সাংবাদিকদের দেয়া ব্রিফিংয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, স্বাধীনতার পর থেকে গত ৪৯ বছর এই রাস্তাটি অবৈধ দখলদারদের হাতে ছিল। অনেকবার চেষ্টা করার পরেও দখলমুক্ত করা যায়নি। যে সড়কটি আমরা দখলমুক্ত করলাম, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক।

মেয়র বলেন, দখল হওয়া স্থান থেকে এয়ারপোর্ট হয়ে উত্তরামুখী একমাত্র সড়ক ছিল কালশী সড়ক। কালশীর সাথে সাথে এখানে আরেকটি প্যারালাল সড়ক নির্মাণের কাজ চলছে। এটি সর্বোচ্চ ৭৫ ফুট এবং সর্বনিম্ন ৬০ ফুট চওড়া হবে। উচ্ছেদ শেষ করার পরে এখানে মার্কিং করা হবে। মিরপুর ১১ নম্বর বাস স্ট্যান্ড থেকে এই দুই কিলোমিটার সড়ক হবে। শনিবারও উচ্ছেদ অভিযান চলবে। সময় হয়েছে অবৈধ দখলদারদের বিরুদ্ধে শক্তিশালী হওয়ার।

দুর্নীতি ও অবৈধ দখলদারদের বিষয়ে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্সের কথা উল্লেখ করে মেয়র আতিক বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ঢাকা শহর উপহার দেয়া এবং নাগরিক সুবিধা বাড়াতে যা যা করা দরকার সবকিছুই করা হবে।

উচ্ছেদ অভিযান/এসকেএম/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *