সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ

০৪ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): চট্টগ্রামে সিরিজের ১ম টেস্টের ২য় দিনশেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে টাইগাররা।

সিরিজের প্রথম টেস্টের ১ম ইনিংসে মেহেদি মিরাজের সেঞ্চুরিতে ৪৩০ রান সংগ্রহ করে স্বাগতিক বাংলাদেশ। জবাবে নেমে দিনশেষে ২ উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করেছে সফরকারীরা। টাইগাররা এগিয়ে রয়েছেন ৩৫৫ রানে।

এরআগে প্রথম দিনের ৫ উইকেটে ২৪২ রান নিয়ে ব্যাট করতে নামে স্বাগতিকরা। দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব আল হাসান ও লিটন দাস ব্যাট হাতে দলকে লিড এনে দেয়ার স্বপ্ন দেখান। তবে দিনের শুরুতেই ফিরে যান লিটন। তার সংগ্রহ ৩৮ রান।

এরপর মেহেদি মিরাজকে সাথে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন সাকিব। তুলে নেন ক্যারিয়ারের ২৫তম ফিফটি। অলরাউন্ডার আউট হন ৬৮ রান করে।

তবে অন্যপ্রান্তে অবিচল মিরাজ। দেখান নিজের ব্যাটিং দক্ষতা। দুই টেল এন্ডার তাইজুল ও নাঈম হাসানকে সাথে নিয়ে এগিয়ে নেন দলকে। তাইজুলের সাথে ৪৪ রানের জুটি গড়েন মিরাজ। এরপর নাঈমের সাথে গড়েন ৬৭ রানের জুটি। এই জুটিতে চারশ’র কোঠা পেরোয় স্বাগতিকরা।

তবে তাইজুল ও নাঈম ফিরে গেলেও, পথ হারাননি মিরাজ। দুর্দান্ত ব্যাটিং করে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ১ম সেঞ্চুরি। ১৬৮ বলে ১০৩ রানের দারুণ ইনিংসটি সাজান ১৩টি বাউন্ডারির সাহায্যে। শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি যখন আউট হন, দল তখন রান পাহাড়ে। ৪৩০ রানের বড়সড় সংগ্রহ পায় মুমিনুল হকের দল।

এরপর ব্যাট করতে নেমে শুরুতেই বিপদের মুখে পড়ে উইন্ডিজরা। দলীয় মাত্র ১১ রানেই আউট হয়ে যান ওপেনার জন ক্যাম্পবেল। তার সংগ্রহ মাত্র ৩ রান। মুস্তাফিজের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।

এরপর আবারও কাটার মাস্টারের অ্যাটাক। এবার তার শিকার শেন মজিলি। মাত্র ২ রানে তাকে ফেরান মুস্তাফিজ। দলের রান তখন ২৪।

এরপর ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট দলের হাল ধরেন। তাকে সঙ্গ দেন বনার। দুজনে মিলে গড়েছেন অনবদ্য ৫১ রানের জুটি। ব্র্যাথওয়েট অপরাজিত আছেন ৪৯ রানে। বনারের সংগ্রহ ১৭ রান।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *