২৬ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ ডাকাত সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার রাত ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড কন্টিনজেন্ট রায়পুর কর্তৃক রায়পুর থানাধীন পুরানবেড়ী ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাইনিজ কুড়াল, রামদা ও দেশীয় অস্ত্রসহ ডাকাতদের আটক করা হয়।
শুক্রবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
লেফট্যানেন্ট কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে ডাকতির প্রস্তুতিকালে উক্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় মেঘনা নদীতে সন্দেহজনক দুইটি নৌকা থামার জন্য সংকেত দেয়া হলে ডাকাত দল নৌকাসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে একটি নৌকা ও ডাকাত দলের সাত সদস্যকে আটক করে। পরবর্তীতে জব্দকৃত নৌকাটি তল্লাশি করে ০৫টি রামদা, একটি চোখা রাকসা, একটি লোহার পাইপ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে।
আটকরা হলো, আক্তার মোল্লা, দীন ইসলাম হাওলাদার, বাকের শিকদার, মোক্তার মোল্লা, ইসমাইল মোল্লা, আক্তার রারী, শফিক হাওলাদার।
আটককৃত সদস্যরা সবাই বরিশাল জেলার হিজলা থানার মান্দ্রা চর খুশিরা গ্রামের বাসিন্দা। পরে আটককৃত ডাকাতদের চাইনিজ অস্ত্রসহ রায়পুর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বন-দস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ কোস্ট গার্ড/এসকেএম
















Leave a Reply