অনশন ভাঙলেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

২৬ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের আমরণ অনশন ভাঙালেন অধ্যাপক ডক্টর মুহম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিণী অধ্যাপক ইয়াসমিন হক।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে অনশন ভেঙেছেন তারা। ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীদের সাথে হাসপাতাল থেকে এসে অনশন ভেঙেছেন অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরাও।

তবে শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান থাকবে।

এরআগে ভোরে দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে অধ্যাপক ডক্টর জাফর ইকবাল শিক্ষার্থীদের অনশন ভাঙার প্রস্তাব দেন। শিক্ষার্থীরা তার অনুরোধে অনশন স্থগিতের সিদ্ধান্ত নেন।

এর আগে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসনে শিক্ষার্থীদের সাথে কথা বলতে সিলেটে পৌঁছান অধ্যাপক ডক্টর জাফর ইকবাল ও ইয়াসমীন হক। রাত পৌনে ৪টায় ক্যাম্পাসে পৌঁছেই সরাসরি চলে যান অনশনস্থলে। সেখানে শিক্ষার্থীদের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

শিক্ষার্থীরা পুরো ঘটনা খুলে বলার পর তিনি তাদের জানান, সরকারের কাছে আন্দোলনের সঠিক তথ্য নেই। তিনি সরকারের কাছে তাদের প্রকৃত তথ্য তুলে ধরবেন।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে তিনি শিক্ষার্থীদের অনশন ভাঙার প্রস্তাব দেন। শিক্ষার্থীরা তার অনুরোধে অনশন স্থগিতের সিদ্ধান্ত নেন।

এদিকে আলোচনার পর আন্দোলনকারীদের মুখপত্র শাহরিয়ার আবেদিন জানান, জাফর স্যার, ম্যাডাম তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন। তিনি সরকারকে বলবেন। তাদের প্রতি সম্মান জানিয়ে অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান শাহরিয়ার আবেদিন। তবে উপাচার্য পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন চলমান থাকবে।

শাবিপ্রবি/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *