অপহৃত শিক্ষার্থী সবাই মুক্ত

০২ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক):  নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বোর্ডিং স্কুল থেকে অপহৃত ২৭৯ ছাত্রীর সবাইকে মুক্তি দেয়া হয়েছে। তারা এখন সরকারের আশ্রয়ে রয়েছে।

মঙ্গলবার স্থানীয় গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জামফারা রাজ্যের গভর্নর ডক্টর বেলো মাতাওয়ালে বলেন, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে সব ছাত্রী এখন মুক্ত। তারা সবাই সরকারি ভবনে এসে পৌঁছেছে। সবাই ভালো আছে। সরকারি কর্মকর্তারা অপহরণকারীদের সাথে আলোচনা করে এসব ছাত্রীর মুক্তির ব্যবস্থা করে।

এরআগে কর্তৃপক্ষ বলেছিল, প্রত্যন্ত জাঙ্গিবি গ্রামের একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শুক্রবার বন্দুকধারী এসে ৩১৭ জন শিক্ষার্থীকে অপহরণ করে। কিন্তু গভর্ণর জানান, অপহৃত ছাত্রীর সংখ্যা ২৭৯ জন।

উল্লেখ্য, গত তিন মাসেরও কম সময়ের মধ্যে নাইজেরিয়ায় গণহারে শিক্ষার্থীর অপহরণের ঘটনা ঘটে। এর ফলে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তীব্র আকার ধারণ করে।

নাইজেরিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *