১৪ মার্চ ২০২২ (আর্ট নিউজ ডেস্ক): বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, ভোজ্যতেলের উৎপাদন, আমদানি ও ভোক্তা পর্যায়ে ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমানে ভোজ্যতেলের আমদানি পর্যায়ের ১৫ শতাংশ ভ্যাটকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হবে।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তেলের আমদানি পর্যায়ে ১০ শতাংশ কমিয়ে আনা হচ্ছে। আগামী দু’এক দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। একইসঙ্গে ভোজ্যতেল উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হবে বলেও জানান তিনি।
রমজানে কোনো পণ্য সংকট নেই জানিয়ে টিপু মুনশি বলেন, যথেষ্ট পরিমাণ দ্রব্য মজুদ আছে। সেটা দিয়ে রমজান মাস পার হয়ে যাবে। চেষ্টা করা হচ্ছে রমজান পর্যন্ত আগের দামটা রাখার জন্য। তবে কেউ অবৈধভাবে পণ্য মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
দেশবাসীকে রমজান মাসে তেল মজুত না করার অনুরোধ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান উপলক্ষে সবাই ঘরে তেল মজুদ করতে শুরু করলে বাজারে ঘাটতি দেখা দেবে। যতটুকু কেনার দরকার ততটুকুই কিনুন।
টিপু মুনশি বলেন, ভোক্তার অধিকার নিশ্চিত করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ‘ভোক্তা বাতায়ন শীর্ষক হটলাইন সার্ভিস নম্বর ১৬১২১ চালু করেছে। যে কোন ভোক্তার অধিকার ক্ষুন্ন হলে এ নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আরোপিত জরিমানার ২৫ ভাগ তাৎক্ষণিকভাবে অভিযোগকারী প্রাপ্য হবেন। তিনি ভোক্তার অধিকার সুরক্ষায় দেশবাসীকে সচেতন করার ক্ষেত্রে সংবাদমাধ্যমকে এগিয়ে আসারও আহবান জানান।
এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান উপস্থিত ছিলেন।
ভোজ্যতেল/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply