২২ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): অলিম্পিক গেমস। বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। এই গ্রেটেস্ট শো-এর প্রথম ম্যাচে ধরাশায়ী হয়েছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। প্রতিপক্ষ ব্রাজিলের সূচনা যেখানে দূর্দান্ত সেখানে আর্জেন্টিনার শুরু বাজেভাবে। হেরে গেছে অস্ট্রেলিয়ার কাছে। সাথে যোগ হয়েছে দলের নির্ভরযোগ্য খেলোয়াড় ফ্রান্সিসকো ওরতেগার লাল কার্ড।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় টোকিও অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচেই হারের স্বাদ নিল আর্জেন্টিনা। ম্যাচটি হয়েছে সাপোরোর অলিম্পিক ভিলেজের সাপোরো ডোমে।
আর্জেন্টিনার এই পরাজয় ০-২ গোলে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। খেলার প্রথমার্ধে ডি-বক্সের বাম পাশ থেকে বাঁ পায়ের জোরালো শটে সেকেন্ড বারে বল পাঠিয়ে দেন ওয়েলস। প্রথমার্ধের বাকিটা সময় গোল করতে পারেনি আর্জেন্টিনা। বরং প্রথমার্ধের অতিরিক্ত সময় দ্বিতীয় হলুদ কার্ডের কারণে মাঠ ছাড়তে হয় ওরতেগাকে।
দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে মাঠে নামে সদ্য কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। তাই গোল শোধের চেয়ে বেশি মরিয়া ছিল আরও গোল না খাওয়ার চেষ্টায়। মাঝে মাঝে চেষ্টা করেছে কাউন্টার অ্যাটাকের। লাভ হয়নি তাতে।
আরও পড়ুন: পদত্যাগ করলেন টোকিও অলিম্পিক সভাপতি
৮০ মিনিটের সময় অজি মারকো তিলিও ব্যবধান দ্বিগুন করেন। ডি-বক্সের বাইরে থেকে নেয়া বাম পায়ের মাপা শট স্পর্শ করে আর্জেন্টাইন জাল।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার পরের দুই ম্যাচ স্পেন ও মিশরের বিপক্ষ্যে। এর যে কোন একটি ম্যাচে পরাজয়ে অলিম্পিক মিশন শেষ হয়ে যাবে ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনার।
আর্জেন্টিনা/এএমএম/কিউটি















