অস্ট্রেলিয়ায় দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগ

২ অক্টোবর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগের জের ধরেই নিজ থেকেই পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার প্রধান শহর সিডনির রাজ্য নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান।

শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী ও দলের রাজ্যপ্রধানের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন গ্ল্যাডিস। তবে রাজ্য সংসদের সদস্য হিসেবে এখনও বহাল তিনি।

দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্তের ঘোষণা আসার পর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান গ্ল্যাডিস।

গ্ল্যাডিস বলেন, তার বিরুদ্ধে আসা অভিযোগের সুষ্ঠ তদন্তের স্বার্থে এ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চলতি মাসের শেষ নাগাদ তার বিরুদ্ধে আসা অভিযোগের তদন্ত শেষ হবে।

অস্ট্রেলিয়ার দুর্নীতি তদন্ত কমিশনের এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যের সাবেক সংসদ সদস্য ড্যারিল ম্যাগুইয়ারের দুইটি প্রতিষ্ঠানকে সরকারি ক্ষমতাবলে অনুদান নিয়ে দিয়েছিলেন গ্ল্যাডিস। ২০১৬-২০১৭ অর্থবছর অস্ট্রেলিয়ান ক্লে টার্গেট অ্যাসোসিয়েশন ও ২০১৮ সালে ওয়াগায় রিভারিনা কনজারবেটরিয়াম অব মিউজিক নামের দুইটি প্রতিষ্ঠান প্রায় ছয় লাখ অস্ট্রেলীয় ডলার অনুদান নিয়ে দেয়া হয়। যদিও প্রথমটির সময় নিউ সাউথ ওয়েলস রাজ্যের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন গ্ল্যাডিস।

মুখ্যমন্ত্রী ক্ষমতার প্রভাব খাটিয়ে দুর্নীতিকে প্রশ্রয় ও উৎসাহিত করেছেন কি না, তা খতিয়ে দেখবে কমিশন। ১৮ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে তদন্তের কাজ শুরু হবে। এবং ১০ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করবে কমিশন। গ্ল্যাডিস বেরেজিক্লিয়ানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত হলে রাজ্য সংসদ থেকেও তাকে পদত্যাগ করতে হবে।

ক্ষমতাসীন লিবারেল পার্টি নিউ সাউথ ওয়েলস রাজ্যের জন্য নতুন নেতা নির্বাচনের পরই গ্ল্যাডিস বেরেজিক্লিয়ানের পদত্যাগ কার্যকর হবে। তিনি ছিলেন এই রাজ্যের ৪৫তম মুখ্যমন্ত্রী।

অস্ট্রেলিয়া/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *