আফগানদের ১১৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

৫ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তুলতে পারে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান মুশফিকের রহিমের।

ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওপেনার মুনিম শাহরিয়ার এবং তিনে ব্যাট করতে নামা লিটন দাসকে পাওয়ার প্লের ভেতরেই মাত্র ২২ রানে হারায় বাংলাদেশ।

শরফুদ্দিন আশরাফের প্রথম ওভারটা কোনও রকমে পার করেন মুনিম। ঠিক যেন বুঝেই উঠতে পারছিলেন না এই বাঁহাতি পেসারের বোলিংটা। পরের ওভারে মোহাম্মদ নবীকেও পড়তে পারছিলেন না মুনিম। ওই ওভারের প্রথম বলটি ডট দেন মুনিম, পরের বলে লং অফ দিয়ে বাউন্ডারি, তৃতীয় বলটি খেলতে পারেননি মুনিম। এরপর চতুর্থ বলেই যেন আগে থেকে ঠিক করে রাখা শটটাই খেললেন তিনি। এতেই মিড অফে থাকা শরফুদ্দিন আশরাফের তালুবন্দি। ১০ বলে একটি চারে ৪ রান করে দলীয় ৭ রানের মাথায় মুনিম শাহরিয়ার ফিরলেন ড্রেসিংরুমে।

এরপর ব্যাটিংয়ে এলেন লিটন দাস। শুরুতে দেখে শুনে খেলতে থাকেন লিটন। কিন্তু প্রথম ম্যাচের মতো ইনিংস আর বড় করতে পারলেন না তিনি। চতুর্থ ওভারে শরফুদ্দিন আশরাফের করা প্রথম বলে আজমতউল্লাহ ওমরজাইয়ের হাতে ক্যাচ তুলে দিয়ে ১০ বলে ১৩ রান করে ফিরেন লিটনকেও।

দ্রুতই দুই উইকেট হারানো বাংলাদেশ পাওয়ার প্লে থেকে দুই উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৩৩ রান। এরপর আর ম্যাচে ঘুরে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশের হাল ধরেন মুশফিক এবং মাহমুদউল্লাহ। পঞ্চম উইকেটে এই জুটি থেকে আসে ৪৩ রান।

মাহমুদউল্লাহ রিয়াদ ১৪ বলে ২১ রান করে রশিদ খানের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরলে ভাঙে এই জুটি। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। দলীয় ৯৯ রানে ২৫ বলে ৩০ রান করে ফেরেন মুশফিক। শেষ দিকে আর কেউই ব্যাট হাতে আলো ছড়াতে না পারায় বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তোলে।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *