নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ আজ বঙ্গভবনে শেষ রাত কাটাবেন। আগামীকাল সকালে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তার কাছেই দায়িত্ব হস্তান্তর করে বঙ্গভবন ত্যাগ করবেন আবদুল হামিদ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ তার মেয়াদ আজ শেষ করেছেন। দীর্ঘ ১০ বছর ৪১ দিন বঙ্গভবন বাস শেষ করলেন তিনি। দেশের সর্বোচ্চ পদে (রাষ্ট্রপতি) দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রপতি ভবনে থাকার ইতিহাস সৃষ্টি করেছেন তিনি। বঙ্গভবনের ৫২ বছরের ইতিহাসে এটি বিরল দৃষ্টান্ত।
একটি পূর্ণ মোটর শোভাযাত্রার মধ্যদিয়ে আবদুল হামিদ বঙ্গভবন ত্যাগ করবেন। তিনি রাজধানীর নিকুঞ্জে নিজ বাসা ‘রাষ্ট্রপতি লজে’ থাকবেন। সেখানে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র ও অন্যান্য সামগ্রী স্থানান্তর করা হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, শপথগ্রহণ অনুষ্ঠান শেষে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবন ত্যাগ করবেন। সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন। তবে আনুষ্ঠানিকতার অংশ হিসেবে পরদিন সকালে নতুন রাষ্ট্রপতিকে ‘গার্ড অফ অনার’ দেয়া হবে।
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস অশ্বারোহী দল বিদায়ী রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করবে। বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গভবন গেটে সারিবদ্ধভাবে দাঁড়াবেন। মাঝখান দিয়ে খোলা জিপে করে বিদায়ী রাষ্ট্রপতি যাবেন। জিপে ফুলের পাপড়ি ছুঁড়ে তাকে বিদায় জানানো হবে। সেখান থেকে তাকে মোটর শোভাযাত্রায় নিকুঞ্জের বাসভবনে নিয়ে যাওয়া হবে।
প্রবীণ রাজনীতিবিদ ও সংসদ সদস্য আবদুল হামিদ পাঁচ বছর আগে ২০১৮ সালে দ্বিতীয় মেয়াদে দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর আগে রাষ্ট্রপতি জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২০১৩ সালের ১৪ মার্চ প্রথমবারের মতো রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি। জিল্লুর রহমানের মৃত্যুর পর ২০১৩ সালের ২০ মার্চ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হন। পরে আবদুল হামিদ ২০১৩ সালের ২২ এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
আরও পড়ুন:
মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন আগামীকাল
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বীর মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ
মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
১৯৫৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৬৯ সালের শেষ দিকে তিনি আওয়ামী লীগে যোগ দেন। সাতবারের সংসদ সদস্য আবদুল হামিদ ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ডেপুটি স্পিকার ছিলেন।
রাষ্ট্রপতি হামিদ/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply