২০ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন, সরকার কোনও আলেম বা ধর্মীয় নেতাকে গ্রেফতার করছে না। গ্রেফতার করছে দুষ্কৃতিকারীদের।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি মহাসচিবের ‘সরকার ধর্মীয় নেতাদের গ্রেফতার করছে’ এমন বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী একথা বলেন।
ডক্টর হাছান মাহমুদ বলেন, যে সমস্ত দুষ্কৃতিকারী ২৬ থেকে ২৮ মার্চ সমগ্র দেশে তান্ডব চালিয়েছে। নিরীহ মানুষের ঘরবাড়ি-সহায়-সম্পত্তি, যানবাহন জ্বালিয়ে দিয়েছে। ভূমি অফিসে আগুন দিয়ে সাধারণ মানুষের জমির দলিলপত্র পুড়িয়েছে। ফায়ার স্টেশন-রেল স্টেশনে হামলা করে ক্ষতি করেছে। যারা মানুষের ওপর আক্রমণ চালিয়েছে। তাদের এবং তাদের নির্দেশদাতাদের সরকার গ্রেফতার করছে।
তিনি বলেন, কোনো ভালো আলেম এসব অপরাধের সাথে যুক্ত ছিলো না। আলেমের মুখোশধারীরাই এসবে যুক্ত এবং সরকার তাদেরকেই গ্রেফতার করছে।
বিএনপি প্রসঙ্গে মন্ত্রী বলেন, বরাবরই বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে, অপশক্তি নিয়ে রাজনীতি করে। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না, দেশকে আফগানিস্তান বানাতে চায়, তাদেরকে নিয়ে বিএনপি রাজনীতি করে।
তথ্যমন্ত্রী বলেন, মামুনুল হক যেভাবে রাসুল (সাঃ)-কে ব্যঙ্গ করেছে, এটা যদি অন্য কেউ করতো, হেফাজতের নেতারা সারাদেশে মিছিল-মিটিং-শোরগোল করতেন। আর মির্জা ফখরুল সাহেবরাও তাতে সুর মিলাতেন।’
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সোমবার হেফাজতে ইসলামের নেতাদের সাক্ষাৎ প্রসঙ্গে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘সরকারের সাথে কেউ দেখা করতে চাইলে, দেখা করতেই পারে। স্বরাষ্ট্রমন্ত্রী দেখা করেছেন। কিন্তু তাতে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণে কোনও ব্যত্যয় হবে না।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান এর আগে বাসসের কর্মশালায় দেয়া বক্তব্যে সংস্থাটির সব জেলা প্রতিনিধিদের ল্যাপটপ সরবরাহের ওপর গুরুত্ব দেন। বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ‘ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে স্থানীয় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক অনলাইন কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম এবং এটুআই প্রকল্প পরিচালক ডক্টর আব্দুল মান্নান অনলাইনে বিশেষ অতিথির বক্তব্য দেন।
তথ্যমন্ত্রী/এসকেএম















