১৩ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): এবার ঈদের ট্রেনে নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থা করতে যাচ্ছে রেলওয়ে।
বুধবার রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে রেলপথমন্ত্রী বলেন, এবার ঈদের প্রতিটি আন্তঃনগর ট্রেনে শুধু মহিলা যাত্রীদের জন্য একটি স্বতন্ত্র কোচ আমরা সংযোজন করব। এটা প্রথমবারের মতো সংযোজন হচ্ছে।
আলাদা বগি সংযোজনের কারণ জানিয়ে মন্ত্রী বলেন, মহিলা, প্রতিবন্ধী ও অনেক স্কুল কলেজের ছাত্রী ঈদের সময় যাতায়াত করেন। তাদের অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয়। এজন্য আমরা এই ব্যবস্থা করেছি।
নারীদের জন্য নির্দিষ্ট সেই কোচে কোনও পুরুষ যাত্রী উঠতে পারবে না। তবে নারীরা ট্রেনের অন্য কোচেও উঠতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রী।
এটা সব সময়ের জন্য কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আপাতত আমরা এই ব্যবস্থা ঈদকেন্দ্রিক শুধু রেখেছি। চেষ্টা করব এই সুবিধাগুলো সবসময় রাখার।
ঈদের ভিড়ে নারীদের দুর্ভোগ লাঘবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।
ওই সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এখন থেকে ট্রেনের টিকেট কিনতে পরিচয়পত্র দেখানোর নিয়ম ফিরিয়ে এনেছে রেল কর্তৃপক্ষ। প্রত্যেক যাত্রীর জন্য নিজ নিজ পরিচয়পত্র প্রয়োজন হবে।
ট্রেন ভ্রমণ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply