এইচএসসি পরীক্ষার সঠিক তথ্য পেতে…

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ নিয়ে কোন গুজবে বিভ্রান্ত না হতে।

ফেসবুকে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড পেইজের ছবি

শনিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি স্যোসাল মিডিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া ফেসবুকে পেইজ ও প্রোফাইল (মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড) খুলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কাল্পনিক তারিখ ঘোষণা করে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক থাকতে বিশেষভাবে অনুরোধ করা হয়।

বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্য ঝুঁকি থাকায় কখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হবে এবং কখন এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। উপযুক্ত পরিবেশ তৈরি হলে তখন পরীক্ষা নেয়া হবে এবং তারিখ গণমাধ্যমের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। উপযুক্ত পরিবেশ বিরাজমান হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ারও সিদ্ধান্ত নেয়া হবে।

ভুয়া কোনও পেইজের বা সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য বিশ্বাস না করার জন্য সবার প্রতি আহবান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ‘মিনিস্ট্রি অব এডুকেশন বোর্ড’ নামের একটি ভুয়া পেইজে ‘এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। স্বাস্থ্যবিধি মেনে অক্টোবরের ১৫ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। রুটিন প্রকাশিত হবে ১ অক্টোবর… এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সঠিক তথ্য জানার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক ভেরিফাইড পেইজে ভিজিট করার জন্য বলা হয়েছে। এর বাইরে অন্য কোনও পেইজের তথ্যে বিশ্বাস করে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেইজ লিংক:

https://www.facebook.com/moebdgov