করোনাকালে বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না

০৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): সরকারের সমালোচনায় মুখর বিএনপি ও এনজিও ব্যক্তিত্বদের করোনার এই সময়ে আর মানুষের পাশে খুঁজে পাওয়া যাচ্ছেনা। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালের জন্য হাইফ্লো ক্যানুলাসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।

দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, করোনায় মানুষের পাশে না দাঁড়িয়ে বিএনপি মহামারীর প্রথম দিকে ফটোসেশন করেছে। এখন দ্বিতীয় ঢেউয়ে দূরবীণ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অনেক এনজিও দশজনকে কিছু দিয়ে ছবি তুলে সবাইকে দেখায়। বিদেশে বিভিন্ন দাতা সংস্থার কাছেও পাঠায়। আর তাদের কেউ কেউ টকশো’তে সরকারের সমালোচনাই করে।

তিনি বলেন, বিএনপি এবং এই সমস্ত সংগঠন যারা করোনার আগে এবং করোনাকালে সরকারের সমালোচনায় ব্যস্ত তাদের কাউকে এখন আর মানুষের পাশে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তাদের সমালোচনা বন্ধ হয়নি।

মানুষের কল্যাণকে রাজনীতির ব্রত হিসেবে বর্ণনা করে ডক্টর হাছান বলেন, জনগণের পাশে থাকতে গিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পাঁচজন নেতা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সারাদেশে প্রায় ১ হাজার নেতাকর্মী করোনায় মারা গেছে। এরপরও আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের পাশে আছে। দলের পক্ষ থেকে সারাদেশে লক্ষ লক্ষ মানুষকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ২ কোটি পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে। দেশের অন্য কোনও রাজনৈতিক দল মানুষের পাশে থাকেনি।

মন্ত্রী বলেন, বিএনপি নেতারা এখন শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য আর তাকে বিদেশ পাঠানও নিয়ে কথা বলছে। দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে তাদের কোনও চিন্তা আছে বলে মনে হয় না। আওয়ামী লীগ থেকে অনেক রাজনৈতিক দলের শেখা উচিত।

তথ্যমন্ত্রী/এসকেএম