নিউজ ডেস্ক: নিজেরা আত্মগোপনে থেকে কর্মী ও সন্ত্রাসীদের দিয়ে গাড়ি পোড়ানো, মানুষের ওপর হামলা করাই বিএনপির অবরোধ কর্মসূচি। এগুলো কোনও রাজনৈতিক দলের কাজ না, সন্ত্রাসী সংগঠনের কাজ। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শুক্রবার রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব) নেতাদের সাথে মতবিনিময় শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সরকার সমস্ত সন্ত্রাসী, দুষ্কৃতকারীকে ধরার জন্য বদ্ধপরিকর। পাশাপাশি জনগণকেও আহ্বান জানাবো- এরা দেশ, জাতি, সমাজের শত্রু, মানুষের শত্রু, এরা হিংস্র হায়েনার চেয়েও খারাপ। তাই এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।
আগামী রোববার থেকে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার অবরোধ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দুনিয়ার অন্য কোথাও কেউ হরতাল-অবরোধের নামে গাড়ি পোড়ায় না। আমরা যখন বিরোধীদলে ছিলাম কখনও গাড়ি পোড়াইনি। বড়জোর রিকশার চাকার বাতাস বের করে দিতাম। তবে বিএনপির অবরোধ কর্মসূচি ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে। গতকালও রাস্তায় ট্রাফিক জ্যাম হয়েছে। মানুষ অবরোধ পালন করছে না, বরং ভয়ের ভাবটাও কেটে যাচ্ছে।
তথ্যমন্ত্রী/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply