কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন

২৩ মে ২০২২ (নিউজ ডেস্ক): গাজীপুরে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় একটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় স্কয়ার ফার্মাসিটিক্যালস কারখানার ৩য় তলায় লার্জ ভলিয়ম প্যারেন্টাল ইউনিটে এ আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুড়ো এলাকা। আতঙ্কে ওই ইউনিটে কর্মরত শ্রমিকরা দৌড়ে নিরাপদ স্থানে চলে যান। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

আগুন নেভাতে গিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় কারখানা কর্তৃপক্ষ। খবর পেয়ে কালিয়াকৈর, জয়দেবপুর, সাভারের ইপিজেড ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এদিকে খবর পেয়ে কর্মরত শ্রমিকদের খোঁজে কারখানার সামনে ভিড় করছেন আতঙ্কিত স্বজনরা। তবে কারখানার ভেতরে কোনও গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *