৩১ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): কিছু বিদেশি গণমাধ্যম দেশ ও সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভুল ও অসত্য সংবাদ পরিবেশন করছে, যা কখনোই কাম্য নয়। এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
শনিবার মন্ত্রী তার সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে রংপুরে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের মধ্যে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, বিদেশ থেকে কিছু অনলাইন পোর্টাল পরিচালিত হয়, সেগুলো ধারাবাহিকভাবে দেশের বিরুদ্ধে বিষোদগার করে, অপপ্রচার চালায়, অনেক সময় গুজবও রটায়। একইসাথে বিদেশি কিছু নামকরা গণমাধ্যমও দেশ ও সরকারের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ও অসত্য প্রতিবেদন প্রকাশ করে।
বিদেশি গণমাধ্যমের কিছু অনুষ্ঠান বিশেষত ‘ফোন ইন’ অনুষ্ঠানের কথা উল্লেখ করে ডক্টর হাছান বলেন, আগে থেকে পরিকল্পনা করে তারা এমন ব্যক্তিদের মাধ্যমে ফোন কল আনে। যাতে তারা সরকারের বিরুদ্ধে বলে। এমন নির্দিষ্ট কিছু ব্যক্তির সাক্ষাৎকার নেয়া হয়, যারা সরকারবিরোধী হিসেবে পরিচিত। আর সেই প্রতিবেদনকে বিশ্বাসযোগ্য করে তুলতেই আমাদের কারও কারও সাক্ষাৎকার নেয়া হয়। কিন্তু তাদের মূল লক্ষ্যই থাকে সরকারের বিরুদ্ধে একটা প্রতিবেদন প্রকাশ ও সমালোচনা করা। এটা কোনও ভালো গণমাধ্যমের কাজ নয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সরকার দুর্নীতির রাজত্ব কায়েম করছে’ এমন মন্তব্য জবাবে মন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশ পরপর পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। একবার যুগ্ম চ্যাম্পিয়ন। তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা শোভা পায় না।
এর আগে সাংবাদিকদের সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে অনলাইনে দেয়া বক্তৃতায় সাংবাদিকদের কাজের প্রশংসা করেন মন্ত্রী। বলেন, করোনার মধ্যে জীবন হাতের মুঠোয় নিয়ে অকুতোভয় সাংবাদিকরা কাজ করে চলেছেন। এসময় গ্রাম ও শহর সব অঞ্চলের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আবারও অনুরোধ জানান ডক্টর হাছান মাহমুদ।
রংপুর জেলা প্রশাসন ও প্রেসক্লাব আয়োজিত ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ, রংপুরের ডেপুটি কমিশনার আসিফ আহসান, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদসহ অন্যরা অনলাইনে বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী/এসকেএম















