কুয়াকাটা সৈকত থেকে মৃত অলিভ রিডলে কচ্ছপ উদ্ধার

২৫ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক): পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে আরও একটি মৃত ‘অলিভ রিডলে’ বা জলপাই রঙের বিপন্ন প্রজাতির কচ্ছপের মৃতদেহ পাওয়া গেছে। এ নিয়ে এক সপ্তাহে একই প্রজাতির তিনটি মৃত কচ্ছপ পাওয়া গেল এই সৈকতে।

ওয়ার্ল্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি আজ শুক্রবার দুপুরে কচ্ছপটির মৃতদেহ পাওয়ার তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা ধারণা করছি, এটি একটি স্ত্রী কচ্ছপ। এরই মধ্যে আমরা এটির নমুনা সংগ্রহ করেছি। এখন তা বন বিভাগের ফরেনসিক ল্যাবে পাঠানো হবে।

স্থানীয় জেলেরা জানায়, আজ সকালে কুয়াকাটা সৈকতের পশ্চিম দিকে লেবুর বাগান এলাকার বালিয়াড়িতে মৃত কচ্ছপটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ইকোফিশের গবেষকেরা সেখানে যান এবং নমুনা সংগ্রহ করেন। তারা বলেন, এটি বিপন্ন প্রজাতির অলিভ রিডলে বা জলপাই রঙের কচ্ছপ। কচ্ছপটির ওজন অন্তত ২৫ কেজি।

স্থানীয় জেলেরা আরও জানায়, এখন কচ্ছপের প্রজনন মৌসুম। এই সময়ে এসব কচ্ছপ কিনারে এসে বালিয়াড়িতে ডিম পাড়ে। মূলত ডিম পাড়তে কিনারে আসার সময় জেলেদের জালে আটকে মারা পড়ে এসব কচ্ছপ। আজ যে কচ্ছপটির মৃতদেহ পাওয়া যায়, সেটির গলা ও ঘাড়ের অংশ অনেকটা থেঁতলানো।

এর আগে সৈকতের তেত্রিশকানি এলাকায় গত রোববার ও মঙ্গলবার একই প্রজাতির আরও দুটি কচ্ছপের মৃতদেহ পাওয়া যায়। এ দুটি কচ্ছপের ওজন ছিল যথাক্রমে ২০ ও ২৫ কেজি। দুটি কচ্ছপের একটি পুরুষ ও অপরটি স্ত্রী ছিল।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) অলিভ রিডলে কচ্ছপকে ‘সংকটাপন্ন’ প্রজাতি হিসেবে চিহ্নিত করেছে।

কচ্ছপ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *