ক্রিকেটের বৃষ্টি আইনের অন্যতম উদ্ভাবক ডাকওয়ার্থ মারা গেছেন

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট খেলা সম্পর্কে জানাশোনা থাকলে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন, সংক্ষেপে ডিএলএস মেথড সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। বৃষ্টি বা আলোকস্বল্পতার কারণে যখন খেলায় বিঘ্ন ঘটে, তখন ডিএলএস মেথডের শরণাপন্ন হতে হয়। সে ডিএলএস মেথডের অন্যতম উদ্ভাবক ফ্রাঙ্ক ডাকওয়ার্থ মারা গেছেন। গত ২১ জুন ৮৪ বছর বয়সে পরলোকগমন করেছেন তিনি।

১৯৯২ বিশ্বকাপে ক্রিকেটে বৃষ্টি আইন নিয়ে ব্যাপক বিতর্ক হয়। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালের একটা পর্যায়ে ফাইনালে যেতে ১৩ বলে ২২ রান প্রয়োজন ছিল প্রোটিয়াদের। বৃষ্টিতে খেলা কিছু সময় বন্ধ থাকার পর সে লক্ষ্য দাঁড়ায় ১ বলে ২২ রান।

এমন বিতর্ক এড়াতে ১৯৯৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির প্রচলন হয়। ফ্রাঙ্ক ডাকওয়ার্থ এবং টনি লুইস মিলে এই পদ্ধতি উদ্ভাবন করেন। ২০০১ সালে আনুষ্ঠানিকভাবে এই নিয়মকে সংশোধিত লক্ষ্য নির্ধারণের জন্য অন্তর্ভুক্ত করে আইসিসি।

২০১৪ সালে ডাকওয়ার্থ এবং লুইসের পদ্ধতি কিছুটা পরিমার্জন করেন অস্ট্রেলিয়ান পরিসংখ্যানবিদ স্টিভেন স্টার্ন। এরপর থেকে ডিএল মেথড পরিণত হয় ডিএলএস মেথডে।

১৯৩৯ সালে জন্ম হয় ডাকওয়ার্থের। লিভারপুল বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করে পরে ধাতুবিদ্যায় পিএইচডি করেন তিনি। দীর্ঘসময় আইসিসির পরামর্শক হিসেবে কাজ করার পর ২০১৪ সালে সেই পদ থেকে সরে দাঁড়ান ডাকওয়ার্থ।

ডাকওয়ার্থ মারা যাওয়ার চারদিন পর আজ সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচেও তার উদ্ভাবিত পদ্ধতিতে ম্যাচের ফল নির্ণয় করা হয়েছে। খবর: খবর ইএসপিএনক্রিকইনফোর।

শোক/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *