খালেদা জিয়া সুস্থ হওয়ায় বিএনপি নেতারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন

৬ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়া সুস্থ হওয়ার কারণে বিএনপি নেতারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। কারণ তারা আন্দোলনের আর কোনও ইস্যু খুঁজে পাচ্ছেন না।

রোববার দুপুরে সিরাজগঞ্জ শহরের এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগ ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিএনপির অন্য কোনও ইস্যু নেই। তারা শুধু দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা ও দেশবিরোধী ষড়যন্ত্রে মেতে আছে। দেশে-বিদেশে অপপ্রচার করে দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করাই তাদের কাজ। তাদের এসব ষড়যন্ত্র না থাকলে দেশ আরও এগিয়ে যেতো। আওয়ামী লীগ নেতাকর্মীদের সেদিকে নজর দিতে হবে, অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

বিএনপি দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে জঙ্গিমুক্ত করেছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, দেশ ও দেশের উন্নয়ন ছাড়া বঙ্গবন্ধুকন্যার কোন চাওয়া-পাওয়া নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে। গ্রাম থেকেই শহরের সুবিধা পাচ্ছে মানুষ। দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। দেশের টাকায় পদ্মাসেতু করেছে আওয়ামী লীগ সরকার, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। এসব উন্নয়ন বিএনপি-জামাত ও তাদের দোসরদের চোখে পড়ে না।

দলীয় নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সম্মেলনে যেন টাকার বিনিময়ে নেতা নির্বাচিত না হয়, দুঃসময়ের ত্যাগী নেতাদের নির্বাচিত করুন।

সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লার পরিচালনায় সম্মেলনে দলীয় নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, তানভীর শাকিল জয়, ডাক্তার হাবিবে মিল্লত মুন্না, অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ, অধ্যাপক মেরিনা জাহান কবিতা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আবু ইউসুফ সুর্যসহ অন্যরা বক্তব্য রাখেন। জেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আইনজীবী কেএম হোসেন আলী হাসান সম্মেলন উদ্বোধন করেন।

তথ্যমন্ত্রী/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *