শীর্ষে রাজশাহী

২৬ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে টানা দুই ম্যাচে জয় নিয়ে শীর্ষস্থানে রয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। উদ্বোধনী ম্যাচে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন ঢাকাকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ রানে হারায় রাজশাহী।

নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনাকে ৪ উইকেটে হারায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় খুলনা। দলীয় মাত্র ৫১ রানে ইমরুল কায়েস (০), সাকিব আল হাসান (১২), এনামুল হক বিজয় (২৬), জহুরুল ইসলাম অমি (১) ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের (৭) উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। 

ষষ্ঠ উইকেট জুটিতে শামিম হোসেনকে সাথে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন আরিফুল হক। ২৫ বলে ৩৫ রান করে আউট হন শামিম। এরপর শহিদুল ইসলামকে সাথে নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে যান আরিফুল হক। এ দিন তার ৩১ বলের অপরাজিত ৪১ রানের সুবাদে ৬ উইকেটে ১৪৬ রান তুলতে সক্ষম হয় খুলনা। 

রাজশাহীর হয়ে মুকিদুল ইসলাম দুই আর এবাদত হোসেন, মেহেদী হাসান ও আরাফাত সানি একটি করে উইকেট শিকার করেন।

মাঝারি স্কোর তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৫ রান সংগ্রহ করে আউট হন আনিসুল ইসলাম ইমন। তিনে ব্যাটিংয়ে নামা রনি তালুকদারকে সাথে নিয়ে ফের ৪৭ রানের জুটি গড়েন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ২০ বলে ২৬ রান করে আউট হন রনি তালুকদার। 

এরপর ফিফটি তুলে নিয়ে আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার আগে ৩৪ বলে ছয়টি চার ও তিন ছক্কায় করেন ৫৫ রান। চতুর্থ উইকেটে ফজলে মাহমুদকে সাথে নিয়ে ৩৩ রানের জুটি গড়েন মোহাম্মদ আশরাফুল। ১৬ বলে ২৪ রান করে আউট হন ফজলে মাহমুদ।

ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নুরুল হাসান সোহানকে সাথে নিয়ে নির্ধারিত ওভারের ১৬ বল আগেই ৪ উইকেটের জয় নিশ্চিত করেন আশরাফুল। ২২ বলে ২৫ রানে অপরাজিত থাকেন আশরাফুল। 

খেলা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *