০৫ নভেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): খুলনার গল্লামারী পুরনো ব্রিজের পাশে ৯ জনকে গুলি করে হত্যার অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মুক্তিযুদ্ধকালে সংঘটিত এ হত্যাকাণ্ডের দায়ে এ মামলা হয়।
বৃহস্পতিবার খুলনা মহানগর মুখ্য হাকিমের আমলি আদালতে (১) মানবতাবিরোধী অপরাধের ঘটনায় এ মামলা হয়। সুখজান বিবি নামের এক নারী মামলাটি দায়ের করেন। মামলায় সাতজনকে সাক্ষী রাখা হয়েছে।
সুখজান বিবির বাড়ি দাকোপ উপজেলার গড়খালী গ্রামে। ১৯৭১ সালে তিনি আওয়ামী লীগের কর্মী ছিলেন। তার স্বামী মহাতাপ বিশ্বাস।
মামলায় নগরীর নূরনগর খালিশপুর এলাকার সিরাজুল ইসলাম (৭১), শহরের স্যার ইকবাল রোডের আবদুল খালেক (৬৮), দাকোপের সোহরাব হোসেন মোল্লা (৭০), মতিয়ার রহমান সানা ওরফে মনি সানা (৭২), এলাই গাজী ৭২) ও জহুর শেখ (৭০)-কে আসামী করা হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় আসামীরা রাজাকার ও শান্তি কমিটির সদস্য ছিল। ১৯৭১ সালের আগস্ট মাসের মাঝামাঝিতে তারা বাদীর স্বামী মহাতাপ বিশ্বাসসহ ৯ জন মুক্তিযুদ্ধের সহযোগীকে ধরে নিয়ে যায়। এই ৯ জনকে গল্লামারী পুরনো ব্রিজের পশ্চিম পাশে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে। এছাড়াও আসামীরা মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষকে হত্যা করে। এর পাশাপাশি নারী ধর্ষণ, মানুষের ধন-সম্পদ লুটতরাজ করে ঘৃণ্যতম অপরাধ করেছে।
সুখজান বিবির আইনজীবী হেমন্ত কুমার সরকার জানান, বিচারক মোহাম্মদ আমিরুল ইসলাম মামলাটি গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলা/এএমএম/কিউটি
















Leave a Reply