চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল চার ভাইয়ের

৮ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, কক্সবাজার): কক্সবাজারের চকরিয়া উপজেলার হাসিনাপাড়া এলাকার সুরেশ চন্দ্র শীল ১০ দিন আগে মারা গেছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য সুরেশের সাত ছেলে ও এক মেয়ে মঙ্গলবার ভোরে স্থানীয় একটি মন্দিরে যান। সেখান থেকে আট ভাইবোন একসাথে বাড়ি ফিরছিলেন। পথে পিকআপের ধাক্কায় একসাথে নিহত হয়েছেন চার ভাই।

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মন্দিরের আনুষ্ঠানিকতা শেষ করে আট ভাইবোন একসাথে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালসংলগ্ন রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় চার ভাই নিহত হন।

নিহত চার ভাই হলেন ৪৭ বছর বয়সী অনুপম শীল, ৪৫ বছর বয়সী নিরুপম শীল, ৪০ বছর বয়সী দীপক শীল ও ৩০ বছর বয়সী চম্পক শীল। এ ঘটনায় আহত হয়েছেন তিন ভাই স্মরণ শীল, রক্ষিত শীল ও প্লাবন শীল এবং বোন হীরা শীল। তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসানুল ইসলাম বলেন, বাবার মৃত্যুর ১০ দিন পার না হতেই চার ছেলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইউপির পক্ষ থেকে নিহত ব্যক্তিদের লাশ সৎকারের ব্যবস্থা নেয়া হয়েছে।

মালুমঘাট হাইওয়ে থানার দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশ পরিদর্শক সাফায়েত হোসেন বলেন, কক্সবাজারমুখী দ্রুতগামী পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই চার ভাইয়ের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছিল। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পিকআপটি নিয়ে এর চালক পালিয়ে গেছেন। পিকআপ ও এর চালককে শনাক্তের চেষ্টা চলছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ