চলচ্চিত্র, ওটিটি ও অনুদান নিয়ে বৈঠক

২৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): ওটিটি প্লাটফর্মের বিস্তৃতির কারণে এটিকে সেন্সরশীপের আওতায় আনার কথা সরকার ভাবছে না। বরং একটি নীতিমালার মাধ্যমে এটিকে পরিচালনা করা হবে। এ জন্য সংশ্লিষ্টদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এমনটাই জানালেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

সোমবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের বাসভবনে মন্ত্রীর সাথে বৈঠকে বসেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এতে এসব বিষয় নিয়েই আলোচনা হয়।

চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও অংশীজনদের সাথে চলচ্চিত্রের সাম্প্রতিক প্রবাহ, ওটিটি প্লাটফর্ম পরিচালনা এবং চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদানসহ বিভিন্ন ইস্যুতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় ওটিটি প্লাটফর্ম প্রসঙ্গে ডক্টর হাছান বলেন, ওটিটি একটি ক্রমবর্ধমান আধুনিক প্লাটফর্ম এবং বর্তমান পৃথিবীর বাস্তবতা। আমরা এটিকে প্রমোট করতে চাই। সেজন্য যারা ওটিটি প্লাটফর্ম নিয়ে কাজ করে তাদের দিয়েই মন্ত্রণালয়ে একটি কমিটি করে দিয়েছে, সেই কমিটি কাজ করছে। অংশীজনদের সাথে আলাপ করে কমিটি নীতিমালা চূড়ান্ত করবে বলে জানান সম্প্রচারমন্ত্রী।

তিনি বলেন, এমন একটি নীতিমালা করতে চাই, যে নীতিমালা সবার কাছে গ্রহণযোগ্য হবে। একই সাথে তা আমাদের কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতিকে সংরক্ষণ করবে।

অনুদান নিয়ে হাছান মাহমুদ বলেন, সিনেমা শিল্প নানা সংকটের মধ্য দিয়ে এখন ভালোর দিকে যাচ্ছে। আমরা বাণিজ্যিক ছবিতে অনুদান দিয়েছি। এখন আবার দর্শক হলে ফিরছে, সিনেমা হল বাড়ছে। একইসাথে আর্টফিল্মে অনুদান দেয়া প্রয়োজন। আর্টফিল্ম ব্যবসা করতে পারে না কিন্তু আর্টফিল্মের প্রয়োজন আছে।

বৈঠকে মোরশেদুল ইসলাম, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, তারিক আনাম খান, অমিতাভ রেজা চৌধুরী, এসএ হক অলীক, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, মেজবাউর রহমান সুমন উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *