৩ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): চোটের জন্য বিপিএলের শুরুতে খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। একই কারণে শেষ দিকেও ছিটকে যান। এবার আসছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মাশরাফি খেলবেন লিজেন্ডস অব রূপগঞ্জের সাথে। কিন্তু চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি। তাই ডিপিএল শুরুর আগে চিকিৎসা করাতে ভারতে যাবেন মাশরাফি।
বুধবার শের-ই-বাংলার সিসিডিএম কার্যালয়ে দলবদল অনুষ্ঠানে ভারতে যাওয়ার বিষয়টি জানিয়েছেন মাশরাফি। ৯ মার্চ তার ডাক্তার দেখানোর কথা রয়েছে। তার মতে চিকিৎসার পর আর কোনও সমস্যা হবে না।
চিকিৎসকের পরামর্শের ওপর নির্ভর করছে মাশরাফির অস্ত্রোপচার। তবে ডিপিএল শুরু হতে খুব একটা দেরি নেই। তাই এখন অস্ত্রোপচারের সম্ভাবনা কম।
মাশরাফি বলেন, আমার এখনও হালকা ব্যাকপেইন আছে। চিকিৎসা করাতে যাচ্ছি। ফিটনেস ধরে রাখতে যেসব কাজ করা দরকার, মাঝেখানে সেসব নিয়ে আমি ট্রেনিং করেছি। খুব বেশি টুর্নামেন্ট ছিল না, তাই খেলার সুযোগ কম ছিল। বিপিএল ছিল, ওই সময় ব্যাকপেইনটা শুরু হয়। চিকিৎসা করার পর আশা করি সমস্যা হবে না।
সবশেষ বিপিএলে মিনিস্টার ঢাকার হয়ে খেলেছেন মাশরাফি। কিন্তু চোটের কারণে ৪ ম্যাচের বেশি মাঠে নামা হয়নি। মূলত পিঠের চোটেই ছিটকে যান বিপিএল থেকে। তাই এবার ডিপিএলে পূর্ণ ফিট হয়েই নামতে চান ওয়ানডের এই সফল অধিনায়ক।
মাশরাফি বিন মুর্তজ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















