জাতীয় প্রেসক্লাব নির্বাচনের প্যানেল ঘোষণা

১০ ডিসেম্বর ২০২০ (নিউজ ডেস্ক): মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সাংবাদিক ফোরাম জাতীয় প্রেসক্লাব নির্বাচনে তাদের প্যানেল চূড়ান্ত করেছে। ফোরামের সাধারণ সভায় প্যানেল ঘোষণা করা হবে।

আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির ১৭টি পদে প্রার্থীতা ঘোষণা করা হবে। সভায় ফোরামের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

৭ ডিসেম্বর ফোরামের কোর কমিটি সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদ ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুককে মনোনয়ন দেয়।

৯ ডিসেম্বর কমিটির দ্বিতীয় সভায় ব্যবস্থাপনা কমিটির বাকি ১৫টি পদে মনোনয়ন চূড়ান্ত করা হয়।

বিভিন্ন সূত্রে জানা গেছে, গোপন ভোটে ১৩টি পদে প্রার্থীতা চূড়ান্ত করা হয়। সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়ন পেয়েছেন প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল।

যুগ্ম সম্পাদকের দুইটি পদে মনোনয়ন পেয়েছেন বর্তমান যুগ্ম সম্পাদক মাইনুল আলম ও সাবেক যুগ্ম সম্পাদক আলী আশরাফ।

সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ পদে মনোনয়ন হবে সমঝোতার ভিত্তিতে। বর্তমান যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও কোষাধ্যক্ষ শ্যামল দত্তকে কোর কমিটির পক্ষ থেকে বলা হয়েছে নিজেরা যেন আলোচনা করে পদ নির্ধারণ করে নেন। শাহেদ চৌধুরী ও শ্যামল দত্ত দুইজনই সাধারণ সম্পাদক পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। পরপর দুই মেয়াদে একই পদে থাকার কারণে এবার শাহেদ চৌধুরীকে পদ পরিবর্তন করতে হবে। অন্যদিকে, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত ইচ্ছা করলে আরেক মেয়াদে কোষাধ্যক্ষ পদে নির্বাচন করতে পারবেন।

ব্যবস্থাপনা কমিটিতে সদস্যপদ ১০টি।দশটি পদে মনোনয়ন পেয়েছেন ভানুরঞ্জন চক্রবর্তী, আইয়ুব ভূঁইয়া, বিশ্বজিৎ দত্ত, আর্ট নিউজের প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ, জাহিদুজ্জামান ফারুক, শাহনাজ সিদ্দিকী সোমা, মহিউদ্দীন সরকার, রেজানুর রহমান, সলিমউল্ল্যাহ সেলিম ও মুফদি আহমেদ।

উল্লেখ্য, জাতীয় প্রেসক্লাবে বিএনপি ও জামাতে ইসলামী সমর্থিত জাতীয়তাবাদী ফোরাম তাদের সভাপতি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন সবুজকে। সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক ও ডিআরইউ’র সাবেক সভাপতি ইলিয়াস খান।

জানা গেছে, জাতীয়তাবাদী ফোরাম এখনও সব পদে মনোনয়ন চূড়ান্ত করেনি।

প্রেসক্লাব/এএমএম/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *