জামালপুর কারাগারে সংঘর্ষে নিহত ৬

নিউজ ডেস্ক: জামালপুর জেলা কারাগারে বন্দিদের দুপক্ষের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন জেলার, কারারক্ষীসহ ১০ জন।

বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে এ ঘটনার সূত্রপাত হয়। বর্তমানে কারাগারের পরিস্থিতি পুরোটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

নিহত বন্দিরা হলেন- আরমান, রায়হান, শ্যামল, ফজলে রাব্বি বাবু, জসিম ও রাহাত। নিহতরা সবাই জামালপুর সদর উপজেলার বাসিন্দা।

এ ঘটনায় গুরুতর আহত ৫ বন্দি এবং ৩ কারারক্ষীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে কোনও বন্দি পালাতে পারেনি বলেও দাবি জেলারের। কারাগারে সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে জেলা কারাগারের আশপাশ এলাকা ও জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বন্দিদের স্বজনদের ভিড় বাড়তে থাকে। এ সময় তাদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে।

জেলার আবু ফাতাহ জানান, বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে বন্দিদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ ফেরানোর সময় বন্দিরা প্রথমে জেলারকে মারধর ও জিম্মি করে কারাগার থেকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে কারারক্ষীরা। পরে বিক্ষুব্ধ বন্দিরা কারাগারের ভেতরে কারা হাসপাতাল, জেলারের কক্ষসহ কারাগারের প্রধান গেটের ভেতরে একটি গেট ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বন্দিদের কাছে জিম্মি হয় ১৪ কারারক্ষী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস একযোগে কাজ করে দীর্ঘ ১৪ ঘণ্টা চেষ্টার পর রাত ৩টায় কারাগারের পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় কারা কর্তৃপক্ষ।

জেলার আবু ফাতাহ বলেন, কারাগারের ক্ষতিগ্রস্ত ফটক ও ভেতরে অন্যান্য ভবন দ্রুত মেরামতের জন্য গণপূর্ত বিভাগ কাজ শুরু করেছে। জামালপুর জেলা কারাগারে রয়েছেন ৬৬৯ জন বন্দি। এর মধ্যে সাজাপ্রাপ্ত বন্দি রয়েছেন ১০০ জন। এছাড়া এ কারাগারে কোনও জঙ্গি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, কারাগারে সংঘর্ষের ঘটনায় নিহত ৬ জনের ময়নাতদন্ত চলছে এবং আহত ৫ বন্দি জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

কারাগারে সংঘর্ষ/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *