জয় দিয়ে নতুন বছর শুরু টাইগারদের

২০ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): করোনায় দীর্ঘ ১০ মাস পর খেলতে নেমে রাজসিকভাবে ক্রিকেটে ফিরল টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ৬ উইকেটের জয়ের মধ্য দিয়ে ১-০তে এগিয়ে গেল তামিম ইকবালের নেতৃত্বাধীন দল। শুক্রবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেও হবে মিরপুর শেরেবাংলায়।

তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে আগামী সোমবার, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে হবে দুই টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজের শেষ টেস্ট ম্যাচ হবে মিরপুরে।

বুধবার বেলা সাড়ে ১১টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে অতিথিদের আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। 

সাকিব আল হাসান স্পিন আর ও হাসান মাহমুদের গতির মুখে পড়ে ৩২.২ ওভারে ১২২ রানে অলআউট হয় ক্যারিবীয়রা।

মামুলি স্কোর তাড়া করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। ১৩.২ ওভারে উদ্বোধনী জুটিতে ৪৭ রান করা বাংলাদেশ এরপর ৩৬ রানের ব্যবধানে হারায় প্রথম সারির ৩ উইকেট। ৩৮ বলে ১৪ রান করে আউট ওপেনার লিটন কুমার দাস।

এরপর মাত্র ১০ রানের ব্যবধানে আউট হন নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসানের পছন্দের পজিশন তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ৯ বলে ১ রানে ফেরেন শান্ত। 

ইনিংসের শুরু থেকে সাবধানী ব্যাটিং করে যাওয়া বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ফেরেন দলীয় ৮৩ রানে। ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে স্টাম্পিং হন দেশসেরা এ ওপেনার। সাজঘরে ফেরার আগে ৬৮ বলে সাত চারের সাহায্যে ৪৪ রান করেন তিনি।

ব্যাটিংয়ে অবনম হওয়া সাকিব ৪৩ বলে খেলে একটি চারের সাহায্যে ১৯ রানে ফেরেন। তার বিদায়ে ২৮ ওভারে ১০৫ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। 

পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে সাথে নিয়ে অনবদ্য ব্যাটিং করে ৩৫.৫ ওভারে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। ১৯ ও ৬ রানে অপরাজিত থাকেন মুশফিক ও রিয়াদ। 

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *