ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

নিউজ ডেস্ক: ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর শূন্য হওয়া আসনে আগামী ৫ জুন ভোটগ্রহণ করার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আপাতত এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের একক (নির্বাচনি) বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। তার সাথে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম ও অ্যাডভেকেট আইনুন নাহার।

আইনজীবী সৈয়দ মামুন মাহবুব জানান, আদালত ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ২১ দিনের জন্য স্থগিত করেছেন। আর এ বিষয়ে করা আবেদনের ওপর আরও বিস্তারিত শুনানির জন্য আগামী রোববার ঠিক করেছেন। ওই দিন থেকে নির্বাচনি পিটিশনের ওপর শুনানি হবে।

গত ২৩ এপ্রিল নির্বাচন ভবনে ৩২তম কমিশন সভা শেষে সাংবাদিকদের নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম বলেন, ৫ জুন ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৭ মে, মনোনয়নপত্র বাছাই ৯ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১০ থেকে ১৪ মে, আপিল নিষ্পত্তি ১৫ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৬ মে এবং প্রতীক বরাদ্দ ১৭ মে। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।

এ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় ১৬ মার্চ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে।

উপনির্বাচন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *