টাইগারদের লক্ষ্য ১৭০

৩০ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): নিউজিল্যান্ড সফরে প্রথম জয়ের দেখা পেতে নেপিয়ারে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের সামনে লক্ষ্য ১৬ ওভারে ১৭০ রান। বৃষ্টির কারণে দুই দফা খেলা বন্ধ হওয়ায় ১৬ ওভারে ১৪৮ রানের লক্ষ্য দেয়া হয়েছে বাংলাদেশকে। কিন্তু ভুল শুধরে লক্ষ্য বদলানো হয়েছে। বাংলাদেশকে ১৭০ রান করতে হবে।

পাওয়ার প্লেতে ২ উইকেট ৫৫ রান তুলে ফেলেছিল নিউজিল্যান্ড। এরপর রান বন্যায় একটু বাধ পড়েছিল শরিফুল ইসলামের আঘাতে। প্রথমবার বৃষ্টি যখন খেলা থামিয়ে দিয়েছিল তখন দুই দলই ম্যাচে ছিল। ১২.২ ওভারে নিউজিল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ১০২। বৃষ্টি বিরতি শেষে ফেরার পরও বাংলাদেশই এগিয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। প্রথম ৮ বলে মাত্র ১১ রান দিয়ে মার্ক চ্যাপম্যানের উইকেটও তুলে নেয় সফরকারীরা।

কিন্তু ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা ড্যারিল মিচেল নামার পরই চেহারা বদলে যায় ম্যাচের। অন্য প্রান্তে গ্লেন ফিলিপস এতক্ষণ একাই আগ্রাসন দেখাচ্ছিলেন। এবার অন্যপ্রান্তেও সাথী পেলেন। মাত্র ২৩ বলে জুটিতে ফিফটি পার করে ফেলেছেন দুজন। বৃষ্টি নামার আগে ২৭ বলে ৬২ রান এনে দিয়েছেন দুজন। তাদের এমন ঝড় ম্যাচের রূপই বদলে দিয়েছে।

১৭.৫ ওভারে ৫ উইকেটে ১৭৩ রান করলেও বৃষ্টি ইনিংসের দৈর্ঘ্য কমিয়ে এনেছে। প্রথমে বলা হয়েছিল নিউজিল্যান্ডের রানরেট ৯.৭০ হলেও বাংলাদেশ ওভারপ্রতি ৯.২৫ রান করলেই চলছে। যদিও প্রতিপক্ষের ৫ উইকেট রয়ে যাওয়ার পরও লক্ষ্য এত কম হবে কি না, এ নিয়ে বেশ দ্বিধার জন্ম হয়েছিল।

বাংলাদেশ ১৪৮ রানের লক্ষ্যেই খেলতে নেমেছিল। ১ ওভার ৩ বলে ১২ রান তুলে ফেলছিল দল। এ অবস্থায় খেলা থামানো হয়। ম্যাচ রেফারি নতুন লক্ষ্য সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানোর পরই আবার খেলা শুরু হয়েছে।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *