০৬ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের ভোট গণনার বন্ধের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। জর্জিয়া, পেনসিলভানিয়া ও মিশিগানে ভোট গণনা বন্ধের আবেদন করেন রিপাবলিকানরা। পরে বৃহস্পতিবার দুই আদালতে ভিন্ন ভিন্ন শুনানি শেষে এ রায় দেয়া হয়। এর আগে জর্জিয়ার আবেদন খারিজ করে দেয় স্থানীয় আদালত।
পেনসিলভ্যানিয়ার ভোট গণনা থামাতে অঙ্গরাজ্যটির আদালতে আবেদন জানিয়েছিলেন রিপাবলিকানরা। অভিযোগ করা হয়, গণনার সময় ট্রাম্পের প্রচার শিবিরের কোনো পর্যবেক্ষককে থাকতে দেয়া হচ্ছে না।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শুনানি চলার সময় ট্রাম্প শিবির স্বীকার করেছে পেনসিলভানিয়া কনভেনশন সেন্টারে ভোট পর্যবেক্ষকরা গণনা প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। ফিলাডেলফিয়া সিটি কমিশনার জানান, কনভেনশন সেন্টারটিতে ট্রাম্প শিবিরের অন্তত ৩৪ জন পর্যবেক্ষক রয়েছেন।
শুনানি শেষে বিচারপতি পল এস ডায়মন্ড ট্রাম্প শিবিরের ভোট গণনা বন্ধের আবেদন খারিজ করে দেন। তিনি বলেন, গণনার সময় কোন পক্ষের কতজন পর্যবেক্ষক উপস্থিত থাকবেন তা নিয়ে দুই দলের সমঝোতা হওয়া উচিত। ব্যালট গণনার সময় কোনো দলেরই ৬০ জনের বেশি পর্যবেক্ষক উপস্থিত থাকা উচিত হবে না।
মিশিগানে গণনা কেন্দ্রগুলোতে নির্বাচনী পর্যবেক্ষকরা উপস্থিত না থাকা পর্যন্ত গণনা স্থগিতের আবেদন জানিয়েছিল রিপাবলিকান শিবির। একইসাথে ভোট গণনার আগে যেখানে মেইল ইন ব্যালটের ড্রপ বক্স জমা দেয়া হয়েছে সেখানকার ভিডিও ফুটেজ রিপাবলিকানদের কাছে জমা দিতে বলা হয়। তবে মিশিগান আদালতের বিচারপতি সিনথিয়া স্টিফেন্স সে আবেদনও খারিজ করে দেন।
প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতোমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন। ট্রাম্প পেয়েছেন ২১৪ ভোট।
আন্তর্জাতিক/এসকেএম/কিউটি
















Leave a Reply