২১ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন অমল চন্দ্র নামে এক যুবক। জেলা সদরের সোনারায় ইউনিয়নের চিলাতিপাড়া গ্রামে দিদির বাড়ি যাওয়ার সময় এ দুর্ঘটনায় পরেন তিনি।
শনিবার রাত পৌনে ৯টার দিকে জেলা সদর উপজেলার সোনারায় ইউনিয়নের খয়রাতনগর রেলস্টেশনের অদূরে জাকিরগঞ্জ সড়কের অরক্ষিত রেলঘুণ্টি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
অমল চন্দ্র রায়ের বয়স ২৫ বছর। তিনি সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের মহুবর শাহ (কাঞ্চনপাড়া) গ্রামের মৃত লালচান চন্দ্রের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অমল নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে জেলা সদরের সোনারায় ইউনিয়নের চিলাতিপাড়া গ্রামে দিদির বাড়ি যাচ্ছিলেন। পথে খয়রাতনগর রেলস্টেশনের অদূরে রেলঘুণ্টি পার হওয়ার সময় নীলফামারী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ অমল ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন।
সোনারায় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ওই রেলঘুণ্টিতে কোনও গেটম্যান নেই। পথচারীদের নিজ দায়িত্বে রেললাইন পারাপার হতে হয়। আমরা সেখানে গেটম্যান দাবি করেছি। কিন্তু সেখানে গেটম্যান দেয়া হয়নি। এ পর্যন্ত ওই রেলঘুণ্টিতে রিকশা, বাইসাইকেল, ভ্যান ও মোটরসাইকেল নিয়ে পার হতে গিয়ে ইতোমধ্যে অন্তত সাতজন নিহত হয়েছেন।
সৈয়দপুর জিআরপি থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি পুলিশ পাঠানও হয়েছে।
রেল দুর্ঘটনা/এসকেএম
















Leave a Reply