১৪ জুন ২০২২ (নিউজ ডেস্ক, বান্দরবান): বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম দশটি পাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে গত এক সপ্তাহে ডায়রিয়ায় শিশুসহ ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত এলাকায় থানচি মেডিকেল অফিসারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুরাদ।
স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার থানচি উপজেলার রেমাক্রী ইউনিয়নের দুর্গম অনেকগুলো পাড়ায় প্রচণ্ড গরমে বিশুদ্ধ খাবার পানির সংকটে ডায়রিয়া প্রকোপ ছড়িয়ে পড়েছে। থানছি স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ডায়রিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগে ৩০ জনের অধিক রোগী ভর্তি রয়েছে।
থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়া বলেন, থানচি সদর থেকে প্রায় একশ কিলোমিটার দূরবর্তী দুর্গম আন্ধারমানিক এলাকায় ডায়রিয়া প্রকোপ ছড়িয়ে পড়েছে। সেখানে গত এক সপ্তাহের ব্যবধানে শিশুসহ ৫ রোগীর মৃত্যুর খবর পেয়েছি। আক্রান্ত রয়েছে আরও অনেকে। মৃত্যুর খবর পাবার পর থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন মেডিকেল অফিসারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধপত্রও নিয়ে গেছে। মেডিকেল টিমের সদস্যরা আক্রান্ত এলাকায় অবস্থান করছেন।
রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মুইশৈ থুই মারমা জানান, প্রচণ্ড গরমে এবং বৃষ্টির কারণে ঝিরি-ঝর্ণা-খালের দূষিত পানি ব্যবহারের ফলে তার ইউনিয়নের দশের অধিক পাহাড়ি গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। গত ৭ জুন থেকে এ পর্যন্ত কয়েকটি পাড়ায় শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। পাড়াগুলোতে শিশু, বৃদ্ধসহ অনেকে আক্রান্ত রয়েছে। তবে আক্রান্তের সঠিক সংখ্যা নিশ্চিত নয়, কিন্তু শতাধিক ছাড়িয়ে যাবে বলে জেনেছি।
ডায়রিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply