৭ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): কুমিল্লা সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাতসহ কাউন্সিলরা দায়িত্ব গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরভবনে এসে দায়িত্বভার বুঝে নেন তারা। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর শফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুইয়াসহ কর্মকর্তা ও কর্মচারীরা মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পরে সাংবাদিকদের মতবিনিময় সভায় মেয়র আরফানুল হক রিফাত বলেন, আমাকে যারা ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি শততার সাথে মেয়রের দায়িত্ব পালন করব, কোনও প্রকার দুর্নীতির সাথে নিজেকে জড়াব না।
তিনি বলেন, অতীতে যারা এই সিটি করপোরেশনে দুর্নীতি ও লুটপাট করেছেন, তাদের শ্বেতপত্র প্রকাশ করা হবে। অচিরেই তা করা হবে। এ জন্য আমি নগরভবনের সবার সহযোগিতা চাই।
সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাকে সহযোগিতা করুন, কোনও অনিয়মের সাথে নিজেকে জড়াবেন না। অনিয়মে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।
দায়িত্ব নেয়ার পর শুরুতেই কুমিল্লা নগরীর জলাবদ্ধতা ও যানজট নিরসনে উদ্যোগী হবেন বলেও জানান মেয়র রিফাত।
উল্লেখ্য, গত ১৫ জুন অনুষ্ঠিত কুসিক নির্বাচনে মেয়র পদে জয়লাভ করেন আরফানুল হক রিফাত। গত ৫ জুলাই ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কুমিল্লা সিটির মেয়র কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়। ৭ জুলাই দায়িত্বভার বুঝে নিলেন তারা।
কুমিল্লা সিটি করপোরেশন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply