দেশে দুর্ঘটনা ঘটেই চলছে কিন্তু প্রতিকার নেই

নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে হতাহত এবং রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান এবং সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

রোববার এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

জিএম কাদের বলেন, এমন ভয়াবহ দুর্ঘটনা মেনে নেয়া যায় না। দেশে ভয়াবহ দুর্ঘটনা ঘটেই চলছে কিন্তু প্রতিকার নেই। তিনি বলেন, কেন এমন মারাত্মক দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে হবে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সাথে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ এবং আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

তিনি বলেন, কোনও দুর্ঘটনা থেকেই আমরা শিক্ষা নেই না। গেল বছর জুনের প্রথম সপ্তাহে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ কন্টেইনার বিস্ফোরণের ঘটনার সঠিক তদন্ত ও সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হলে এমন দুর্ঘটনা হয়ত এড়ানো সম্ভব হতো।

দুই বিস্ফোরণ ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু।

জিএম কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ