১৫ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, গাজীপুর): গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকা থেকে শিরিন সুলতানা নামে এক পোশাককর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিরিন ওই এলাকার মম ফ্যাশনস নামে পোশাক কারখানার জ্যাকার্ড অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাতাইশ ধরপাড়া মাওলানা ইসমাইল হোসেনের বাড়িতে ঘটনাটি ঘটে। নিহত ২৫ বছর বয়সী শিরিন সুলতানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার পাচুরিয়াবাড়ি গ্রামের আব্দুর রশিদের মেয়ে।
মঙ্গলবার সকালে নিহতের লাশ গাজীপুর মর্গে পাঠিয়েছে পশ্চিম থানা পুলিশ।
এলাকাবাসী জানান, শিরিন সুলতানা সাতাইশ ধরপাড়া এলাকার ওই বাড়িতে তার বড় বোনের সাথে তিন তলায় ভাড়া বাসায় বসবাস করতেন। সোমবার সন্ধ্যায় পারিবারিক খুটিনাটি বিষয়াদি নিয়ে তার বোনের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে তার বড় বোনকে পাশের কক্ষে বাহির থেকে দরজা বন্ধ করে দিয়ে আটকে রাখে। পরে শিরিন তার শয়নকক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা আটকিয়ে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এলাকাবাসী আরও জানান, এ সময় চিৎকার শুনে আশপাশের ভাড়াটিয়ারা এগিয়ে এসে তার বড় বোনের কক্ষের দরজ খুলে দেন। পরে খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে পৌঁছে কক্ষের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা থেকে শিরিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
মরদেহ উদ্ধার/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















