নিপীড়নের শিকার হলো শিশু

শবে বরাতের সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত লিটন মিয়াকে পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে আশুগঞ্জ থানায় হাজির হন তার মা। শিশুটির গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে, তার পরিবার আশুগঞ্জে একটি চাতালকলে শ্রমিক হওয়ায় সেখানেই বসবাস করেন।

এই ঘটনায় অভিযুক্ত ২৫ বছর বয়েসী লিটন মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ইমান মিয়ার ছেলে। সে আশুগঞ্জে একটি চাতাল কলে কাজ করে।

শিশুর পরিবার জানায়, বিকেলে শিশুটি চাতাল কলের ভেতরে খেলা করছিল। এর কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে শিশুটির বড় ভাইয়ের বন্ধু আরেক চাতাল কলের শ্রমিক লিটন সেখানে আসে। এ সময় শিশুটিকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধান ক্ষেতে ধর্ষণ করে ফেলে রেখে যায়।


সন্ধ্যার পর ওই শিশুর এক সহপাঠী তার পরিবারকে এসে জানায় শিশুটি রক্তাক্ত অবস্থায় ধান ক্ষেতে পড়ে আছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এর কিছুক্ষণ পর খবর পাওয়া যায় অভিযুক্ত লিটন থানার সামনে ঘোরাঘুরি করছে। পুলিশকে জানালে লিটনকে আটক করা হয়।

আশুগঞ্জ-সরাইল সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা জানান, অভিযুক্ত যুবককে শিশুটি শনাক্ত করার পর আটক করা হয়েছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটির অবস্থা খুবই খারাপ। দৈহিক নীপিড়নের কারণে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *