নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন নস্যাৎ করতে চাইলে সমুচিত জবাব দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, বিএনপি বিদেশি প্রভুর ওপর ভর করে আন্দোলন করছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, নির্বাচন নস্যাৎ করতে চাইলে তাদের সমুচিত জবাব দেয়া হবে।
সোমবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
আওয়ামী লীগের প্রবীন এ নেতা বলেন, বিএনপি-জামায়াত ২০১৪ সালে স্কুল পুড়িয়েছিল, মানুষ পুড়িয়ে মেরেছিল, এবার হাসপাতালে হামলা করেছে। বিচার বিভাগকে আক্রমণ করতে প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ করেছে। পাকিস্তানের সাথে তারা এখনও কো-ফেডারেশন করতে চায়।
তিনি বলেন, শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা ভোগ করছে, স্বাদ পাচ্ছে। এইদেশে উন্নয়ন হয়েছে শেখ হাসিনার জন্য। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা পাচ্ছে। উত্তরবঙ্গে বছরে দুইবার মঙ্গা হতো, এখন তারা মঙ্গা ভুলে গেছে।
আমির হোসেন আমু বলেন, তারা সংবিধানের ওপর আঘাত করছে, গণতান্ত্রিক ধারার ওপরে আঘাত করছে। আমাদের সজাগ থাকতে হবে। ১৪ দলের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। আমরা নির্বাচন ঐক্যবদ্ধভাবে করবো, সেই সরকার আগামী দিনে দেশ পরিচালনা করবে।
সমাবেশে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি জেপি সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ও কামরুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্যরা বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস।
আমির হোসেন আমু/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply