২৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর): লক্ষ্মীপুরের রামগঞ্জে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র এলাকায় সহিংসতায় সাজ্জাদ হোসেন সজিব নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন।
রোববার বিকাল ৫টার দিকে ঢাকা নেয়ার পথে চাঁদপুরে অ্যাম্বুলেন্সে তিনি মারা যান। উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল ও সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সজিব উপজেলার ইছাপুর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি। রোববার তিনি নৌকার প্রার্থী শাহিনুর আক্তারের পক্ষে ভোটকেন্দ্রে দায়িত্বে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে বিকাল ৩টার দিকে বিদ্রোহী প্রার্থী আমির হোসেন খাঁনের লোকজনের সাথে নৌকার প্রার্থীর কর্মীদের সহিংসতা ঘটে। এতে ধারাল অস্ত্রের আঘাতে সাজ্জাদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় নেয়ার পথেই তিনি মারা যান।
বিদ্রোহী প্রার্থী আমির হোসেন উপজেলা আওয়ামী লীগের বহিস্কৃত সহ-সভাপতি। দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় ১৬ নভেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাঞ্জুর এলাহি বলেন, কেন্দ্রের ভেতরে কোনও বিশৃঙ্খল ঘটনা ঘটেনি। বাইরে কি হয়েছে তা আমার জানা নেই।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নয়নপুরে ভোটকেন্দ্রের বাইরে বিশৃঙ্খলা হয়েছে। এতে দু’পক্ষের লোকজন আহত হয়। কেউ মারা যাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নির্বাচনী সহিংসতা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply