নিষেধাজ্ঞা না মানায় ৩১ জেলের কারাদণ্ড

৮ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): শরীয়তপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ৩১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার জেলা মৎস্য কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

জেলা মৎস্য কার্যলয় সূত্রে জানা যায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদীর পালেরচর, বাবুরচর, কুণ্ডেরচর এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন, র‌্যাব ও পুলিশ। অভিযানে মা ইলিশ শিকারের অপরাধে ২৮ জেলেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২১ দিন করে কারাদণ্ড দিয়েছেন জাজিরা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাফে মোহাম্মদ। পরে পুলিশ তাদের জেলা কারাগারে পাঠিয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার নড়িয়া উপজেলার পদ্মা নদীতে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিন জেলেকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।

জেলা মৎস্য কার্যালয় সূত্রে আরও জানা যায়, চার দিনে মৎস্য বিভাগ, স্থানীয় প্রশাসন, পুলিশ ও র‌্যাব নদীতে ৪৬টি যৌথ অভিযান চালিয়েছে। এ সময় ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ লাখ ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। আর মামলা করা হয়েছে ৩৫টি।

শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার বলেন, পদ্মা ও মেঘনা নদীর ৭১ কিলোমিটার নদীপথ। দীর্ঘ এ নদীতে আমাদের চোখ ফাঁকি দিয়ে জেলেরা মা ইলিশ শিকার করছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় অভিযান চালিয়ে জেলেদের আটক করে জাল ও নৌকা ধ্বংস করা হচ্ছে।

ইলিশ মাছের প্রজনন ও মা ইলিশ সংরক্ষণ নিশ্চিত করতে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের নদ-নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস সম্পদ বিভাগ।

মৎস সম্পদ বিভাগ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *